তিন খুনের ঘটনায় গ্রেপ্তার দুজনকে নির্দোষ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীতে তিন খুনের ঘটনায় গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া দেলোয়ার হোসেন ও হীরা মিয়া নিরপরাধ বলে দাবি করেছেন দুজনের স্ত্রী। গতকাল মঙ্গলবার রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি করেন।তবে তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তা দাবি করেছেন, তাঁরা খুনের ঘটনায় জড়িত বলে পুলিশ নিশ্চিত হয়েছে। অনেক যাচাই-বাছাইয়ের পরই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে নিজের বাড়িতে ব্যবসায়ী মিজানুর রহমান (৫৫), তাঁর মা সুফিয়া খাতুন ও স্ত্রী বীথি রহমান (৪৫) গুলি ও ছুরিকাঘাতে খুন হন। ঘটনার পরই নিহত মিজানুরের ভাইয়ের ছেলে তৌফিকুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তৌফিকুরের দেওয়া তথ্যানুযায়ী অনুসন্ধানের পর দেলোয়ার ও হীরাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।গতকাল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গ্রেপ্তার হওয়া দেলোয়ারের স্ত্রী মরিয়ম বেগম ও হীরা মিয়ার স্ত্রী লাবণী বেগম। সংবাদ সম্মেলনে তাঁরা দাবি করেন, দেলোয়ার ও হীরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। তাঁদের নামে আগে কোনো অপরাধের অভিযোগ ছিল না। এখন পুলিশ তাঁদের পেশাদার খুনি বলে দাবি করে রিমান্ডে অমানুষিক নির্যাতন করেছে। মরিয়ম অভিযোগ করেন, এ ঘটনায় সুমনের মামা দেলোয়ার ও চাচা লিংকন জড়িত। পুলিশের কাছে সুমন এসব তথ্য জানায়। তারপরও পুলিশ হীরা মিয়া ও দেলোয়ারকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক শেখ মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, পরিবারের দাবি একেবারেই ভিত্তিহীন। তাঁরা মোটেই নির্দোষ নন। দেলোয়ার ও হীরাকে গ্রেপ্তারের পর তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী রক্তমাখা ছুরি ও লুট হওয়া অলংকার উদ্ধার করা হয়েছে। এই দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। তাঁরা খুনের ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন। তাঁদের ওপর নির্যাতনের অভিযোগ সম্পর্কে তদন্ত কর্মকর্তা বলেন, তাঁদের নির্যাতন করা হয়নি। বিষয়টা এমন না যে, তাঁরা নির্যাতনের মুখে ঘটনা স্বীকার করেছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করে কথার সূত্র ধরেই কথা বের করা হয়েছে। অস্ত্র ও লুট হওয়া অলংকার উদ্ধার করা হয়েছে।