রাজধানীর কামরাঙ্গীরচর, তুরাগ ও সবুজবাগ থানা এলাকায় গতকাল শনিবার ও গত শুক্রবার তিনজন গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁরা হলেন লায়লা আক্তার ওরফে বৃষ্টি (১৯), রুমি আক্তার (২০) ও রোজিনা আক্তার (২০)। গৃহবধূর পরিবার ও এলাকাবাসী তিনটি মৃত্যুর ঘটনাকেই হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। এ ছাড়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিরপুরে কামরুজ্জামান ওরফে রাজীব (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে পুলিশ কামরাঙ্গীরচরের মধ্য রসুলপুরের একটি বাড়ির তৃতীয় তলার একটি কক্ষের মেঝে থেকে লায়লার লাশ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গতকাল সকালে স্বামী দেলোয়ার লায়লার মা-বাবাকে খবর দেন, লায়লা আত্মহত্যা করেছে। ওই খবর পেয়ে তাঁর মা-বাবা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা লায়লার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান। তিনি ধারণা করছেন, লায়লাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে তা আত্মহত্যা বলে প্রচার করে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ লায়লার স্বামী দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে।লায়লার মা বলেন, ‘আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।’লায়লার স্বামী দেলোয়ার নিজেকে নির্দোষ দাবি করে পুলিশকে জানান, তিনি লায়লাকে মরধর করেননি। গতকাল সকালে উভয়ের মধ্যে ঝগড়া হয়। পরে তিনি কক্ষের ভেতরে শুইয়ে ছিলেন। একপর্যায়ে লায়লাকে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলতে দেখা যায়। পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে তুরাগ থানার কালিয়ারটেক থেকে রুমি আক্তারের (২০) লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে। পরে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ঘটনার পর রুমির স্বামী নাসিরউদ্দিন সরকার পালিয়ে গেছেন।রুমির চাচা আবদুল মান্নান গতকাল শনিবার মর্গে সাংবাদিকদের জানান, সাত বছর আগে কালিয়ারটেকের বাসিন্দা মুদিদোকানদার নাসিরউদ্দিনের সঙ্গে রুমির বিয়ে হয়। কিছু দিন না যেতেই যৌতুকের জন্য রুমিকে নির্যাতন শুরু করেন নাসির। এ ঘটনায় গত বছরের ২১ জানুয়ারি তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কিছু দিন আগে দোকানের মাল তোলার বাহানা করে রুমির কাছে দুই লাখ টাকা যৌতুক চান নাসির। ওই টাকা না পেয়ে নাসির মারধর করেন রুমিকে। তিনি অভিযোগ করেন, যৌতুক না পেয়ে রুমিকে শ্বাসরোধ করে হত্যা করেছেন নাসির।তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মোহাম্মদ আনসার উদ্দিন প্রথম আলোকে জানান, গৃহবধূ রুমির পরিবার ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে দাবি করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।শুক্রবার সন্ধ্যায় পুলিশ বাসাবোর ওহাব কলোনি থেকে শরীরে কাফনের কাপড় মোড়ানো অন্তঃসত্ত্বা গৃহবধূ রোজিনা আক্তারের (২০) লাশ উদ্ধার করে। রোজিনা তাঁর স্বামী ঠেলাগাড়িচালক রতন মিয়ার সঙ্গে সেখানে থাকতেন। শুক্রবার সকালে ওহাব কলোনির ভাড়া বাসায় রোজিনার মৃত্যু হয়। এরপর রোজিনার শাশুড়ি ও ননদ মিলে রোজিনাকে গোসল শেষে কাফনের কাপড় পরায়। এলাকাবাসীর সন্দেহ হওয়ায় তাঁরা সবুজবাগ থানায় জানান। পরে পুলিশ গিয়ে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। পুলিশ আসার আগেই রোজিনার স্বামী রতন মিয়া পালিয়ে যান।সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা যাবে। গতকাল শনিবার সকালে পুলিশ মিরপুর-২ নম্বর সেকশনের প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের ছাদ থেকে কামরুজ্জামান ওরফে রাজীব (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করে। তার শরীরে বিদ্যুৎস্পৃষ্টের চিহ্ন রয়েছে।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে কামরুজ্জামান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারে। প্লাস হাতে বৈদ্যুতিক তারের সঙ্গে তার লাশ আটকে ছিল। তার পকেট থেকে বেশ কিছু চুরি হওয়া তার পাওয়া গেছে। কামরুজ্জামানের স্বজনেরা জানান, শুক্রবার সন্ধ্যার পর কামরুজ্জামান বাসা থেকে বের হওয়ার পর ফেরেনি। সে পরিবারের সঙ্গে মিরপুর-১ নম্বরের কলওয়ালাপাড়ায় থাকত। তার বাবা মৃত মোরশেদ হাসান।