তিন ঘণ্টা পর অবৈধ স্থাপনায় ‘সমঝোতার’ উচ্ছেদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরুর কথা ছিল সকাল ১০টায়। শুরু হয়েছে তিন ঘণ্টা পর বেলা একটায়। মাঝের তিন ঘণ্টা কখনো বসে, কখনো রাস্তায় দাঁড়িয়ে করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছেন আটকে পরা পাকিস্তানিদের (বিহারি) নেতা ও প্রতিনিধিরা।
আজ বুধবার রাজধানীর মিরপুর-১১ নম্বর সেকশনের অ্যাভিনিউ-৪ সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মকর্তাদের এভাবে বিহারিদের সঙ্গে সমঝোতা করতে হয়েছে। উত্তর সিটির কর্মকর্তারা বলছেন, সহিংসতা এড়াতে তাঁরা সমঝোতার পথ বেছে নিয়েছেন। কারণ, বিহারিরা অভিযানে বাধা দিচ্ছিলেন।
একপর্যায়ে কোথায় অভিযান হবে—এ নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতার পর অভিযান শুরু করেন করপোরেশনের কর্মীরা। তবে সেই অভিযান চলেছে মাত্র ২০ মিনিট। নতুন নির্মিত ২৪টি অবৈধ স্থাপনার (দোকান) আংশিক ভেঙে এ অভিযানের সমাপ্তি টানা হয়।
বেলা ১১টায় গিয়ে দেখা যায়, নান্নু মার্কেট এলাকায় অভিযানের জন্য আনা ভারী যান ও যন্ত্রগুলো (বুলডোজার, এক্সকাভেটর, ডাম্প ট্রাক) দাঁড় করিয়ে রাখা। ঘণ্টাখানেক আগে অভিযান শুরু করার কথা থাকলেও তখন করপোরেশনের কর্মকর্তারা বিহারি নেতাদের সঙ্গে আলোচনায় ব্যস্ত ছিলেন।
দুই পক্ষের এ আলোচনা হয় ডিএনসিসির ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়ের উল্টাপাল্টা ঢাকা ফ্যাশন নামের একটি দোকানের ভেতরে। এতে করপোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক ও অঞ্চল-২–এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। বিহারিদের পক্ষে ছিলেন উর্দু স্পিকিং পিপল ইয়ুথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের (ইউএসপিইআরএম) সভাপতি সাদাকাত খান, ওয়েলফেয়ার মিশন অব বিহারিজের সভাপতি মোস্তাক আহমেদসহ অন্য নেতারা। দোকানটির বাইরে তখন অনেক বিহারি দাঁড়িয়ে ছিলেন।
আলোচনার বিষয়ে জানতে চাইলে সাদাকাত খান প্রথম আলোকে বলেন, ‘করপোরেশনের কর্মকর্তারা ৪ নম্বর অ্যাভিনিউর দুই পাশে থাকা বিহারিদের দোকানপাট ভাঙতে চেয়েছিলেন। আমরা এর প্রতিবাদ করি। এ নিয়ে বাগ্বিতণ্ডা হয়। আমরা তাঁদের উচ্চ আদালতের স্থগিতাদেশ দেখাই। পরে কর্মকর্তারা ওই সড়কে অভিযান না চালিয়ে অন্য পাশে অভিযান চালান।’
অভিযানে যে রাস্তাটির এক পাশের ফুটপাতের জায়গায় নির্মিত ২৪টি দোকান ভাঙা হয়েছে, সেটি মূলত ৪ নম্বর অ্যাভিনিউ ও ৩ নম্বর সড়কের মাঝের একটি সংযোগ সড়ক। করপোরেশনের হিসাবে রাস্তাটি ২০ ফুট চওড়া। এটির অন্য পাশে ফুটপাতের জায়গা নেই। ওই পাশে রাস্তা ঘেঁষে প্রায় ১৫টি দোকান রয়েছে। ৩ নম্বর সড়কের ১৩ নম্বর বাড়ি ও ৪ নম্বর অ্যাভিনিউর ১৪ নম্বর (সিরাজ উদ্দিন টাওয়ার) বাড়ির নিচতলা রাস্তা ঘেঁষে তৈরি করা।
দোকানগুলোও ফুটপাতের জায়গায় বলে দাবি করেন বিহারিরা। দাবির মুখে করপোরেশনের কর্মকর্তারা ওই পাশের দুটি দোকানের সাইনবোর্ড অপসারণ করেন। তবে উচ্ছেদ করেননি। দোকান উচ্ছেদ করতে আলাদা করে অনুমোদন নিতে হবে বলে জানান ডিএনসিসির কর্মকর্তারা।
এসব বিষয়ে জানতে চাইলে করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, ৪ নম্বর অ্যাভিনিউর ফুটপাতের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। ৪ নম্বর অ্যাভিনিউতে তো অভিযান চালানো হয়নি জানানো হলে তিনি বলেন, যেখানে অভিযান চালানো হয়েছে, সেখানেই উচ্ছেদের পরিকল্পনা ছিল। সেখানে হয়তো আরও অবৈধ স্থাপনা আছে। সেটা আস্তে আস্তে অনুমোদন নিয়ে উচ্ছেদ করব। প্রতিবাদের মুখে উচ্ছেদ অভিযান দেরিতে শুরু করতে হয়েছে বলে জানান তিনি।
যে ২৪টি দোকান ভেঙে ফেলা হয়েছে, ওই জায়গাতেই অনেক বিহারির বাড়ি ছিল। গত বছরের জানুয়ারিতে চালানো অভিযানে বাড়িগুলো ভেঙে ফেলা হয়। বিহারিদের দাবি, রাস্তার জন্য ২০ ফুট মেপে জায়গা চিহ্নিত করা হয়েছে। তাঁরা যেখানে দোকান বানিয়েছিলেন, সেটা রাস্তার জায়গার বাইরে। এখন করপোরেশন জায়গাটিকে ফুটপাতের জন্য নির্ধারিত বলে দাবি করছে। কিন্তু স্থানীয় সাংসদ ও ওয়ার্ড কাউন্সিলর ওই জায়গায় ফুটপাত হবে না জানিয়ে দোকান করতে বলেছিলেন।
বাড়ি ভাঙার পর ওই জায়গাতেই ছোট একটি দোকান করেছিলেন মো. জাহিদ নামের একজন। তিনি নিরাপত্তাকর্মীর চাকরি করেন। দোকান নির্মাণে তাঁর প্রায় ৮০ হাজার টাকা ব্যয় হয়েছিল বলে তিনি জানান। প্রথম আলোকে বলেন, ‘বাড়ি ভেঙে দেওয়ার পর ৪ হাজার টাকায় এক কক্ষের একটি বাসা ভাড়া নিয়েছি। স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকি। ফেব্রুয়ারি মাসে স্ত্রীর নামে একটি বেসরকারি সংস্থা থেকে ৮০ হাজার টাকা ঋণ নিয়ে দোকান করেছিলাম। সেটাও ভেঙে দিয়েছে।’