তিন চিকিৎসকসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুল চিকিৎসার অভিযোগে করা একটি মামলায় ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের তিন চিকিৎসকসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আখতারুজ্জামান অভিযোগ গঠন করেন।যাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, তাঁরা হলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রধান কার্ডিয়াক সার্জন অধ্যাপক ফারুক আহমেদ, সার্জিক্যাল রেসিডেন্ট মোহাম্মদ মনিরুজ্জামান ও সহকারী অধ্যাপক হারুন অর রশীদ এবং জলি। আদালতে হাজির থাকা আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।আদালত সূত্র জানায়, গত বছরের ১৮ সেপ্টেম্বর ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ এনে ফাহিমা আক্তার বাদী হয়ে এ মামলা করেন। এতে অভিযোগ করা হয়, বাদীর বাবা হাবিবুর রহমান বুকে ব্যথা নিয়ে ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি হন। চিকিৎসার পর ৩০ অক্টোবর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এর কয়েক দিন পর তাঁর সেলাইয়ের জায়গায় ইনফেকশন হয়। হাবিবুর রহমানের শারীরিক অবস্থা খারাপ হলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে চার দফা অস্ত্রোপচার করা হয়। এর পরও সুস্থ না হওয়ায় একই স্থানে গত বছরের আগস্টেও অস্ত্রোপচার করা হয়। আসামিদের ভুল চিকিৎসায় বাদীর বাবার শারীরিক অবস্থা আরও নাজুক হয়ে পড়ে। ১৮ আগস্ট হাবিবুর রহমান মারা যান।