জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে কোতোয়ালি ও সূত্রাপুর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া ছাত্ররা হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাইফুল্লা ইবনে সোমন, আইন বিভাগের আসাদুজ্জামান শাকিল ও মহিদুল।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী সাংবাদিকদের বলেন, কোতোয়ালি ও সূত্রাপুর থানার পুলিশ গত বুধবার রাতে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ জন ছাত্রকে আটক করে। এরপর সোমবারের ঘটনার ভিডিও ফুটেজ দেখে তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়।গত সোমবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এর জের ধরে মঙ্গলবার ক্যাম্পাসে ব্যাপক সংঘর্ষ হয়। ওই দিন সন্ধ্যায়ই ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে অজ্ঞাতনামা ১৫০ ছাত্রের বিরুদ্ধে মামলা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।