তিন ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর হাজারীবাগ, তেজগাঁও ও পল্লবী এলাকা থেকে গত দুই দিনে তিন ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তারা আত্মহত্যা করেছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা হয়েছে।সূত্র জানায়, গতকাল বুধবার সকালে হাজারীবাগের ভাগলপুর লেনের একটি বাসা থেকে তমালিকা পোদ্দারকে (১৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে হাজারীবাগের সালেহা উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়ত।তমালিকার বাবা বিমল চন্দ্র পোদ্দার প্রথম আলোকে জানান, শিবরাত্রি উপলক্ষে সে গতকাল উপবাস করতে চেয়েছিল। বিষয়টি ভুলে যাওয়ায় তিনি সকালে তাকে খেতে বলে বাইরে চলে যান। এ জন্য তার মা-ও বকাঝকা করে বাইরের কল থেকে পানি আনতে যান। পানি এনে তিনি তমালিকাকে ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।হাজারীবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জালাল উদ্দিন জানান, মনে হচ্ছে, মা-বাবার সঙ্গে অভিমান করে তমালিকা আত্মহত্যা করেছে।তেজগাঁওয়ের গ্লাস অ্যান্ড সিরামিক স্টাফ কোয়ার্টারের দীপিকা সড়কের টি/বি-২ বাড়ির তৃতীয় তলার বাসা থেকে গত মঙ্গলবার রাতে শারমিন আক্তার উর্মির (১৫) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মা-বাবার একমাত্র সন্তান শারমিন ছিল বেগুনবাড়ি কমিউনিটি সেন্টার স্কুলের দশম শ্রেণীর ছাত্রী।তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) গোলাম রসুল জানান, শারমিনের বাবা ওসমান গনি জানিয়েছেন, মঙ্গলবার রাত নয়টার দিকে তিনি ও তাঁর স্ত্রী বাইরে থেকে বাসায় ফিরে শারমিনের কক্ষ ভেতর থেকে বন্ধ দেখেন। অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে তাঁরা দরজা ভেঙে ভেতরে ঢুকে শারমিনকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।এদিকে পল্লবী থানার উপপরিদর্শক জি এম সালাউদ্দিন জানান, মঙ্গলবার রাতে ১০ নম্বর সড়কের তিন নম্বর লেনের একটি বাসা থেকে আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ফেরদৌসী আমীন টুম্পার (২০) লাশ ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পুলিশ উদ্ধার করে। এক বছর আগে তিনি প্রেম করে এক ব্যক্তিকে বিয়ে করলেও উঠিয়ে না নেওয়ায় তিনি মা-বাবার সঙ্গেই থাকতেন। এ নিয়ে কিছু দিন ধরে স্বামীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি চলছিল।