বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীকে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান হিসেবে পুনর্নিয়োগ না দেওয়াসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেনস ফেডারেশন। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করে তারা। সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হন সংগঠনের নেতা-কর্মীরা। এরপর তাঁরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি টিএসসি হয়ে অপরাজেয় বাংলায় গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, আঞ্চলিক পরিষদের সঙ্গে পরামর্শ করে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক ব্যক্তিকে কমিশনের চেয়ারম্যান নিয়োগ দিতে হবে। তাদের অন্য দাবিগুলো হলো: পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের বিরোধাত্মক ধারা অবিলম্বে সংশোধন করতে হবে, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জন্য সময়সূচিভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষণা করতে হবে।পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা মহানগর শাখার সভাপতি জুয়েল চাকমা সমাবেশে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক জেমশন আমালাইয়ের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে জীতেশ চাকমা, মনিরা ত্রিপুরা, বাবু মারমা, অনন্ত ধামাই, সুপেন চাকমা প্রমুখ বক্তব্য দেন।