নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ)। গতকাল রোববার রাজধানীর মিরপুর মডেল একাডেমির সামনে এই কর্মসূচি পালন করে সংগঠনটি।জাসদ ছাত্রলীগের অন্য দাবিগুলো হলো নারী ও শিশু নির্যাতনকারীর বিরুদ্ধে দ্রুত মামলা নিয়ে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করা এবং ইভ টিজিং প্রতিরোধে গণসচেতনতা গড়ে তোলা। কর্মসূচিতে মিরপুর মডেল একাডেমি, বিএডিসি উচ্চবিদ্যালয়, ন্যাশনাল আইডিয়াল হাইস্কুল এবং ওডি টাইপ কোয়ার্টার সমাজকল্যাণ সংগঠন অংশ নেয়। মানবন্ধনে অংশগ্রহণকারী ব্যক্তিরা বলেন, সমাজের সর্বস্তরে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিজেদের অধিকার রক্ষায় তাঁরা বাধাপ্রাপ্ত হচ্ছেন সমাজেরই আরেক অংশের দ্বারা। তাঁরা নারী ও শিশু নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করার দাবি জানান।মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারীনেত্রী শিরীন আখতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নারী জোটের সভাপতি আফরোজা হক। অন্যদের মধ্যে মিরপুর মডেল একাডেমির প্রধান শিক্ষক নুরুল আলম, বিএডিসি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোতালেব খলিফা উপস্থিত ছিলেন।