
রাজধানীর বনশ্রীতে দুই ভাইবোন হত্যাকাণ্ডের তিন দিনেও মামলা হয়নি। তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ-র্যা বের কর্মকর্তারা বলছেন, তাঁরা নিশ্চিত এটা হত্যাকাণ্ড। সন্দেহের তালিকায় দুই শিশুর মা-বাবাও আছেন। র্যা ব তাঁদের জিজ্ঞাসাবাদ করছে।
র্যা বের কর্মকর্তারা বলছেন, কীভাবে এ হত্যাকাণ্ড ঘটেছে, কারা জড়িত—এ সম্পর্কে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। তবে বাসার ভেতরেই মায়ের উপস্থিতিতে দুই শিশুর মৃত্যু, রেস্তোরাঁর খাবার খেয়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রচার করা এবং দুই সন্তানের মরদেহ মর্গে রেখেই বাবা-মায়ের গ্রামের বাড়িতে চলে যাওয়া নানা রহস্যের জন্ম দিয়েছে। এসব বিষয়ে বাবা-মাকে ঢাকায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য জানতে পারেনি র্যা ব।
এদিক ঘটনাস্থল থেকে সংগ্রহ করা ১৩টি আলামতের ডিএনএ ও রাসায়নিক পরীক্ষার জন্য আদালতের অনুমতি নেওয়া হয়েছে। জানতে চাইলে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। আজ বৃহস্পতিবার ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মামলা করা হতে পারে।
গত সোমবার সন্ধ্যায় বনশ্রীর বি-ব্লকের চার নম্বর সড়কের একটি বাসায় নুসরাত আমান (১২) ও অলীভ আমানের (৬) রহস্যজনক মৃত্যু হয়। মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, রেস্তোরাঁর খাবার খেয়ে তারা মারা যায়। কিন্তু পরদিন লাশের ময়নাতদন্তে শিশু দুটিকে শ্বাসরোধে হত্যার আলামত পান চিকিৎসক।
দুই শিশুর বাবা আমান উল্লাহ, মা মাহফুজা মালেক জেসমিন ও খালা আফরোজা মালেককে গতকাল সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য র্যা ব সদর দপ্তরের নেওয়া হয়। এই তিনজনই জামালপুর শহরের ইকবালপুরে শিশুদের নানা বাড়িতে ছিলেন।
প্রথম আলোর জামালপুর প্রতিনিধি জানান, গতকাল ভোর পাঁচটায় র্যা ব-৩ এর একটি দল জামালপুরে পৌঁছায়। কোম্পানি কমান্ডার মোস্তাক আহম্মেদের নেতৃত্বে দলটি সকাল আটটার দিকে শিশুদের নানা আবদুল মালেক সরকারের বাসায় অবস্থান নেয়। বেলা সোয়া ১১টার দিকে তাঁরা দুই শিশুর বাবা, মা ও খালাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন এবং সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকায় পৌঁছান।
এদিকে দুই শিশুর মৃত্যুর পর ঘটনাস্থল থেকে সংগ্রহ করা ১৩টি আলামতের ডিএনএ ও রাসায়নিক পরীক্ষার অনুমতি চেয়ে গতকাল সকালে আদালতে একটি আবেদন করা হয়। ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলামের আদালতে আবেদনটি করেন রামপুরা থানার উপপরিদর্শক সোমেন বড়ুয়া। পরে আদালত আলামতগুলো পরীক্ষার অনুমতি দেন।
সোমেন বড়ুয়া প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধার করা ১১টি আলামতের ডিএনএ পরীক্ষা এবং দুটি রাসায়নিক পরীক্ষার জন্য অনুমতি চাওয়া হয়েছিল। ডিএনএ পরীক্ষার সংগ্রহ করা আলামতের মধ্যে রয়েছে বিছানার চাদর, বালিশের চারটি কভার (সাদা-কালো-লাল স্ট্রাইপ), একটি কম্বল, পুরোনো কামিজ, সাদা টিস্যু, খাবারের দাগ লাগানো সংবাদপত্রের পাতা, সাদা কাপড়ের টুকরো ও একটি জর্জেট ওড়না। এ ছাড়া ওই বাসা থেকে সংগ্রহ করা রেস্তোরাঁর অবশিষ্ট খাবার ও পানির রাসায়নিক পরীক্ষা করা হবে।
গতকাল দুপুরে ঘটনাস্থল বনশ্রীর বি ব্লকের ওই বাড়ির সামনে গিয়ে মূল ফটক তালাবদ্ধ পাওয়া যায়। বাইরের কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না মো. ইসলাম নামে একজন। ইসলাম জানান, গতকাল সকাল থেকে তিনি বাসা তদারকের দায়িত্ব পেয়েছেন। পুলিশের নিষেধাজ্ঞা থাকায় বাইরের কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
বেলা আড়াইটার দিকে রামপুরা থানায় দেখা হয় দুই শিশুর গৃহশিক্ষিকার মায়ের সঙ্গে। তিনি বলেন, ‘আমার মেয়ে স্বামীর সঙ্গে পূর্ব রামপুরায় থাকে। ৯ ফেব্রুয়ারি থেকে আমার মেয়ে ওই বাড়িতে পড়ায়। ঘটনার দিনও পড়াতে গিয়েছিল। সোমবার বেলা তিনটার দিকে পড়াতে গেলে বাচ্চাদের দাদি অথবা নানি দরজা খুলে দেন। পরে পড়ানো শেষ করে আমার মেয়ে চলে আসে। মঙ্গলবার আবার পড়াতে গেলে র্যা ব তাকে ধরে নিয়ে যায়।’ র্যা বের সঙ্গে যোগাযোগ হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, র্যা ব বলেছিল তাকে আটক করা হয়নি। জিজ্ঞাসাবাদ করে সকালে ছেড়ে দেওয়া হবে। মা বললেন, ‘সকাল (বুধবার) গড়িয়ে দুপুর হলো, তবু আমার মেয়েকে ছাড়ল না। আমার মেয়ের কী দোষ?’ রাতে সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত গৃহশিক্ষক ছাড়া পাননি বলে তাঁর মা জানিয়েছেন।