তিন দিনের রিমান্ডে হুজি নেতা সালাম ও তাহের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টনে সিপিবির সমাবেশে বোমা হামলা মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি) নেতা আবদুস সালাম ও আবু তাহেরকে তিন দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি। গতকাল সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন এ আদেশ দেন। এ ছাড়া মামলার আসামি আবদুল লতিফ, ইদ্রিস আলী ও আরিফ হাসান সুমনের উপস্থিতিতে আগামী ১৬ মে রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আদালত। গতকাল সিআইডির পরিদর্শক মৃণাল কান্তি সাহা আসামিদের পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আসামি সুমন, লতিফ ও ইদ্রিসের আইনজীবীরা আদালতকে বলেন, আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। তাঁরা কারাগারে আটক থাকার পরও গত ১১ মার্চ আদালত তাঁদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন, যা আইনের পরিপন্থী। শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে দুজনের রিমান্ড মঞ্জুর করেন। বাকি আসামিদের রিমান্ড শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।২০০১ সালের ২০ জানুয়ারি পল্টনে এই বোমা হামলায় সিপিবির পাঁচ নেতা-কর্মী নিহত হন। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৩ সালের ১৭ ডিসেম্বর পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিলে মামলাটির অপমৃত্যু ঘটে। পরে ২০০৫ সালের ২৭ জানুয়ারি মামলাটি পুনরুজ্জীবিত করার জন্য আদালতে আবেদন করে সিআইডি। আদালত মামলাটি পুনঃ তদন্তের নির্দেশ দেন।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, তত্কালীন সরকারের আমলে তদন্ত কর্মকর্তা এ ব্যাপারে খুব একটা অগ্রসর হতে পারেননি। পরে তত্ত্বাবধায়ক সরকার আমলে তদন্তে কিছুটা গতি আসে। হুজির নেতা মুফতি আবদুল হান্নান ২০০৬ সালের নভেম্বর মাসে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পল্টনের বোমা হামলায়ও জড়িত থাকার কথা স্বীকার করেন।