
শুক্রবার বিকেল। শাহবাগে জাদুঘরের ঠিক সামনের ফটকে গোটা চল্লিশেক লোক। একটি মাইক। সেখানে ঝুলছে ‘শাহবাগ আন্দোলন’-এর একটি ব্যানার। তার দুই পাশে গণজাগরণ মঞ্চের দুটি ব্যানারে আরও দুই অংশ। এক ডজন করে মাইক। তিন পক্ষই পাল্টাপাল্টি স্লোগান আর বক্তব্য দিচ্ছে।
বিপুলসংখ্যক পুলিশের পাহারায় বিকেল পর্যন্ত এভাবে সমাবেশ চললেও সন্ধ্যায় সেটি শেষ হয়েছে চেয়ার ছোড়াছুড়ি ও পাল্টাপাল্টি ধাওয়ার মধ্য দিয়ে। এতে ইমরান এইচ সরকারসহ অন্তত নয়জন আহত হন। হামলার জন্য তিন পক্ষই একে অপরকে দায়ী করেছে।
মানবতাবিরোধী অপরাধে দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে তাঁর ফাঁসির দাবিতে গতকাল বিকেলে শাহবাগে সমাবেশ ডেকেছিল গণজাগরণ মঞ্চের তিনটি অংশ।
জাদুঘরের প্রধান ফটকের বাঁ পাশে অবস্থান নিয়ে চারটার দিকে সমাবেশ শুরু করে কামাল পাশা চৌধুরীর নেতৃত্বাধীন গণজাগরণ মঞ্চের একাংশ। তাদের ব্যানারে লেখা ছিল ‘কুখ্যাত রাজাকার দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির দাবিতে বিক্ষোভ-সমাবেশ’। সেখানে বক্তব্য দেন মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী মুক্তিযোদ্ধা জহিরউদ্দিন জালাল, রুহুল আমিন মজুমদার, আবুল খায়ের, মোরসেদুল হাসান প্রমুখ।
এ সমাবেশে বক্তারা বলেন, সাঈদীর ফাঁসি না হওয়ায় তাঁরা হতাশ। কিন্তু এ দেশে যুদ্ধাপরাধের বিচার কেউ করলে আওয়ামী লীগই করবে। তবে মুক্তিযুদ্ধের লেবাস গায়ে লাগিয়ে অনেকেই সরকারবিরোধী প্রচারণায় নেমেছে।
সাড়ে চারটার দিকে জাদুঘরের প্রধান ফটকের ডান পাশে অবস্থান নিয়ে সমাবেশ শুরু করে গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকারের নেতৃত্বাধীন অংশ। তাদের ব্যানারে লেখা ছিল ‘রাজাকার সাঈদীর ফাঁসির রায় প্রত্যাখ্যানপূর্বক জামায়াত-শিবির নিষিদ্ধে সরকারের টালবাহানার প্রতিবাদে গণসমাবেশ’। ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, সাংবাদিক আবু সাঈদ খান, সাবেক ছাত্রনেতা রাগিব হাসান প্রমুখ বক্তব্য দেন। সমাবেশের এ অংশ থেকে সাঈদীর ফাঁসির রায় না হওয়ায় সরকারের সঙ্গে জামায়াতের আঁতাত হয়েছে, এমন অভিযোগ তোলা হয়।
সমাবেশে ইমরান এইচ সরকার বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য একটি চক্র এক বছর ধরে নীলনকশা করে যাচ্ছে। সরকার একদিকে যেমন সাঈদীকে রক্ষা করার চেষ্টা করছে, অপরদিকে প্রতিবাদী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।

অপরদিকে ইমরান এইচ সরকারকে উদ্দেশ করে আরেক পক্ষের সমাবেশে কামাল পাশা চৌধুরী বলেন, ‘আপনাদের মঞ্চ থেকে আজ উসকানিমূলক বক্তব্য আসছে। এমন বক্তব্য অব্যাহত রাখলে মুখ সেলাই করে দেওয়া হবে।’
এ দুই পক্ষের মাঝে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চের শুরু থেকে ক্রিয়াশীল ছাত্র মৈত্রী, জাসদ ছাত্রলীগ, অনলাইন অ্যাকটিভিস্টস নেটওয়ার্কের একাংশসহ আরও কয়েকটি সংগঠন। এখানে ব্যানারে লেখা ছিল ‘এ রায় মানি না, সাঈদীর ফাঁসি চাই’। এই অংশের সমন্বয়ক বাপ্পাদিত্য বসু বলেন, ‘আমার দুই পাশে গণজাগরণ মঞ্চের দুই পক্ষ। তারা পরস্পরকে গালিগালাজ করছে। এভাবে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে আন্দোলন হয় না। আমি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছি। কিন্তু কেউ শুনছে না।’
সন্ধ্যায় সংঘর্ষ: সন্ধ্যা ছয়টা ২০ মিনিটে ইমরান এইচ সরকারের বক্তব্য শেষ হয়। এরপর তাঁর নেতৃত্বে থাকা অংশটি শাহবাগ জাদুঘরের সামনে থেকে মিছিল বের করে। মিছিলটি শাহবাগের ফুলের দোকানগুলোর সামনের সড়কে এলে পুলিশ বাধা দেয়। তাঁরা বাধা ভেঙে এগোতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলে। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করলে ইমরান আহত হন। এ সময় ইমরানপন্থী কর্মীরা বিক্ষিপ্তভাবে দৌড়ে উল্টো দিকে কামাল পাশা চৌধুরীদের সমাবেশের কাছে গেলে তাঁরা মাইকে ঘোষণা দেন তাঁদের ওপর হামলা হচ্ছে। এ সময় সেখানে চেয়ার ছোড়াছুড়ি ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। প্রায় ২০ মিনিট ধরে এটি চলে।
ইমরান এইচ সরকারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে ইমরানপন্থী সংগঠক খান আসাদুজ্জামান বলেন, সমাবেশ শেষ হওয়ার পর মিছিল নিয়ে যেতে চেষ্টা করলে সেখানে পুলিশ বাধা দেয়।
তবে ঘটনার পর শাহবাগে সংবাদ সম্মেলন করে কামাল পাশা চৌধুরী দাবি করেন, ‘মুক্তিযোদ্ধা জালাল যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন ইমরানের নেতৃত্বে লোকজন আমাদের ওপর হামলা চালায়।’