তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত অনুমোদনবিহীন পণ্য বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন। আদালত গতকাল বিকেল চারটার দিকে রাজধানীর শান্তিনগরের টুইন টাওয়ারের দোতলায় শীতল ফ্যাশন প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালান। সেখানে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন আমদানি করা বিভিন্ন ধরনের শ্যাম্পু, সাবান ও আফটার শেভ লোশন দেখতে পান। অনুমোদনবিহীন এসব পণ্য বিক্রির দায়ে আদালত প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। এর আগে একই আদালত রাজধানীর গোলাপবাগ এলাকার বিবাড়িয়া বেকারিতে অভিযান চালান। প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই পাউরুটি, বিস্কুট ও কেক তৈরি এবং বাজারজাত করে আসছিল। এই অপরাধে আদালত প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এরপর আদালত পাশের নিউ গোল্ডেন বেকারি অ্যান্ড কনফেকশনারিতে অভিযান চালান। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিএসটিআইয়ের লাইসেন্স নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করলেও লাইসেন্স হাতে পায়নি। প্রতিষ্ঠানটির তৈরি পণ্যে মানসম্পন্ন মোড়ক ব্যবহার না করায় আদালত প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিনের নেতৃত্বে অভিযানে অংশ নেন বিএসটিআইয়ের কর্মকর্তা কাউছার আহমেদ মিয়া ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল।