তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে পণ্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গতকাল তিন প্রতিষ্ঠানকে দুই লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন। এর মধ্যে একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।বিএসটিআই সূত্রে জানা গেছে, বুধবার ভ্রাম্যমাণ আদালত যাত্রাবাড়ীর মাতুয়াইলে সাকি ফ্রেশ ওয়াটারে অভিযান চালান। এ সময় সেখানে ওয়াসার অবিশুদ্ধ পানি ১১টি নল দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের জারে ভর্তি করা হচ্ছিল। পানি বিশুদ্ধ করার একটি প্লান্ট থাকলেও যন্ত্রপাতিগুলো ছিল অকেজো। পানির মান পরীক্ষার জন্য কোনো গবেষণাগার সেখানে নেই। বিএসটিআই কর্মকর্তারা কারখানার ভেতরেই শ্রমিকদের থাকার জায়গা দেখতে পান। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই খাওয়ার পানি বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন এবং সিলগালা করে দেন। এ ছাড়া আদালতের নির্দেশে পানিভর্তি ৬৪টি জার নষ্ট করা হয়।একই দিনে ভ্রাম্যমাণ আদালত মাতুয়াইলের আজিজ ফ্যান ও মদিনা ফ্যান নামের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালান। আজিজ ফ্যানের শুধু ৫৬ ইঞ্চি সিলিং ফ্যান উৎপাদনের অনুমোদন থাকলেও সেখানে অনুমোদনহীন ৩৬ ও ৪৮ ইঞ্চির ফ্যান খুঁজে পাওয়া যায়। আদালত প্রতিষ্ঠানটিকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেন। অন্যদিকে মদিনা ফ্যানকে ৫৬ ইঞ্চি সিলিং ফ্যান উৎপাদনের লাইসেন্স নবায়ন না করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক কে এম হানিফ। র্যাব-১০-এর একটি দল আদালতের কার্যক্রমে সহায়তা করে।