মংলা বন্দরের চেয়ারম্যান কমোডর আবুল কালাম আজাদ অভিযোগ করেছেন, সিমেন্টের কাঁচামাল আমদানিতে বসুন্ধরা গ্রুপ, সেনাকল্যাণ সংস্থা এবং দুবাই বাংলাদেশ সিমেন্ট নিজেদের জেটি ব্যবহার করে। নিয়ম অনুযায়ী এদের ল্যান্ডিং চার্জ দেওয়ার কথা থাকলেও তা দিচ্ছে না। পাওনা চাইলে প্রতিষ্ঠানগুলো মামলা করছে। ২০০৩ সাল থেকে এই তিন প্রতিষ্ঠানের কাছে বন্দর কর্তৃপক্ষের পাওনা প্রায় ২০ কোটি টাকা। সংসদ ভবনে নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে গতকাল মঙ্গলবার চেয়ারম্যান এ কথা বলেন। সংসদীয় কমিটি বকেয়া টাকা আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে বলেছে। গতকালের সভায় ফিটনেস পরীক্ষা (সার্ভে) এবং রুট পারমিট ছাড়া কোনো ধরনের নৌযান যাতে চলতে না পারে, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি। কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী জানান, বর্তমানে রুট পারমিট এবং ফিটনেস সনদ নিয়ে মাত্র আট হাজার নৌযান চলাচল করছে। আসন্ন বর্ষা মৌসুমে যাতে নৌ-দুর্ঘটনায় প্রাণহানি না ঘটে, তা বিবেচনায় নিয়ে কমিটি এই সুপারিশ করেছে। ফিটনেসবিহীন নৌযানগুলোই দুর্ঘটনায় কবলিত হয়।বৈঠকে বর্ষা মৌসুমে মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরির পাশাপশি অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চারটি বড় নৌযানের মাধ্যমে যাত্রী আনা-নেওয়ার সুপারিশ করা হয়। সভাপতি বলেন, বর্তমানে বিপজ্জনকভাবে স্পিডবোটের মাধ্যমে যাত্রীরা পারাপার হচ্ছে। নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের বৈঠকে কমিটির সদস্য নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, মনোরঞ্জন শীল গোপাল, মোস্তফা কামাল পাশা, মাজাহারুল হক প্রধান, গোলাম কিবরিয়া টিপু, হাবিবুন নাহার, সামশুল হক চৌধুরী, নসরুল হামিদ ও নজরুল ইসলাম (বাবু) অংশ নেন।