বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি পরিদর্শকদল গতকাল সোমবার মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে রাজধানীর তিনটি ফার্মেসিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে। একই দিনে দুটি খাবার হোটেলে অভিযান চালিয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা ও এক ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন।অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল ধানমন্ডির হারুন আই হাসপাতালের গ্রিন ফার্মেসি, ল্যাবএইড হাসপাতালের ফার্মেসি ও ল্যাভেন্ডার ড্রাগ কর্নারে অভিযান চালানো হয়। এসব ফার্মেসিতে ইনসুমেন ইনজেকশন, ক্যাম্বডেন-৫, ক্যালসিয়া প্লাস, ম্যাক্রোজিন, সয়গ্রোথ, লুসি অলিভা প্রভৃতি ওষুধ পাওয়া যায়। এসব ওষুধের কয়েকটি ছিল মেয়াদোত্তীর্ণ। অন্যগুলোর গায়ে খুচরা মূল্য উল্লেখ ছিল না। পরিদর্শকদল এই তিন ফার্মেসিকে দেড় লাখ টাকা জরিমানা করে। অধিদপ্তরের উপসচিব (সংযুক্ত) এ বি এম বদিউজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে র্যাবের একটি দল সহযোগিতা করে। এদিকে বিএসটিআই পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মগবাজার চৌরাস্তার থ্রি স্টার রেস্টুরেন্ট ও হোটেল ক্যাফে ডি তাজে অভিযান চালান। বেলা সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ আদালত থ্রি স্টার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বাসি খাবাব উদ্ধার করেন। সেখানে সয়াবিন তেলের ড্রামে বিএসটিআইয়ের অনুমোদনহীন নিম্নমানের সস সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। রান্নার কাজে ব্যবহার করা খাওয়ার সোডায় কোনো উৎপাদন বা মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল না। এই রেস্টুরেন্টের রান্নাঘর অপরিচ্ছন্ন ও নোংরা। রান্নাঘরের ওপরে শ্রমিকদের থাকার জায়গা। রেস্টুরেন্টের ৩০-৩৫ জন শ্রমিক এখানে গাদাগাদি করে থাকেন। ভ্রাম্যমাণ আদালত রেস্টুরেন্টের মালিক নাসরিন জাহান চৌধুরীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এ নিয়ে গত এক মাসের মধ্যে এই রেস্টুরেন্টকে তিনবার জরিমানা করা হলো। এর আগে রান্নাঘরের সঙ্গে টয়লেট থাকার কারণে ও নোংরা খাবার পরিবেশনের দায়ে জরিমানা করা হয়েছিল। হোটেল ক্যাফে ডি তাজে গিয়ে দেখা যায়, সেখানে মাছ সংরক্ষণের জন্য তৈরি করা বরফ দিয়ে লাচ্ছি ও ফালুদা বানানো হচ্ছে। রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে ‘পেঙ্গুইন মার্কা’ লবণ, যার প্যাকেটের গায়ে বিএসটিআইয়ের ভুয়া সিল। স্যাঁতসেঁতে রান্নাঘরের একপ্রান্তে অন্ধকার কুঠুরির এক কোণে ডিপ ফ্রিজে মাছ-মাংস রাখা হয়েছে, পাশেই গোসল করার জায়গা। একটু দূরে তিনটি চুলায় গনগনে আগুন জ্বলছে, কিন্তু তাপ বাইরে যাওয়ার মতো কোনো জায়গা সেখানে নেই।হোটেলের ম্যানেজার মো. নাসির অবশ্য দাবি করেন, এই বরফ নয়াটোলার সুমন আইসক্রিম কারখানায় বিশুদ্ধ পানি দিয়ে তৈরি। কিন্তু ওই আইসক্রিম কারখানার মালিক আবদুর রহিম জানান, মাছের আড়তগুলোতে সরবরাহের জন্য এখানে বরফ তৈরি করা হয়। বরফ তৈরির জন্য ব্যবহূত পানি খাবার উপযোগী নয়। মিথ্যা বলে বিভ্রান্ত করার ও অস্বাস্থ্যসম্মত খাবার বিক্রির অপরাধে গতকাল সোমবার বিএসটিআই পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নাছিরকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং ২০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া হোটেলের সামনে ৩৩টি নাম-পরিচয়বিহীন কোম্পানির স্টিকার মারা খাওয়ার পানি ভর্তি জার ধ্বংস করেন। বিএসটিআই কর্মকর্তারা জানান, এসব পানির বিএসটিআইয়ের অনুমোদন নেই। অবিশুদ্ধ পানি ভর্তি করে পরিশোধিত বলে চালানো হচ্ছে। অথচ মাত্র এক সপ্তাহ আগেই অপর একটি ভ্রাম্যমাণ আদালত একই হোটেলকে নোংরা ও বাসি খাবার পরিবেশনের জন্য ২০ হাজার টাকা জরিমানা করে। তারপরও অবস্থার কোনো পরিবর্তন হয়নি।নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বিএসটিআইয়ের সহকারী পরিচালক কে এম হানিফ উপস্থিত ছিলেন। রমনা থানার পুলিশ ও র্যাব-৩-এর একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।