উদ্যোগ নেওয়ার তিন বছর পার হতে চললেও ভূমি রেকর্ড, জরিপ ও নিবন্ধন পদ্ধতি ডিজিটালকরণের কাজের অগ্রগতি সামান্য। বিদ্যমান নানা সমস্যা দূর করে আধুনিক তথ্যপ্রযুক্তিনির্ভর ভূমি প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু প্রক্রিয়াগত কারণ ও দক্ষ জনবলের অভাবে কার্যত তা শুরুই করতে পারেনি ভূমি মন্ত্রণালয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, ভূমি মন্ত্রণালয়ে গত তিন বছরে ছয়জন সচিব বদল হওয়ায় প্রকল্পটি এখনো আলোর মুখ দেখেনি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ভূমি মন্ত্রণালয়ের সব কাজকর্ম ডিজিটাল করতে দুই হাজার কোটি টাকার এক বিশাল প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। তবে এ পর্যায়ে এসে প্রকল্পটি কাটছাঁট করে সার্বিক ডিজিটালকরণ আপাতত বাদ দিয়ে ১১৩ কোটি টাকা ব্যয়ে মৌজা ম্যাপ স্ক্যানিং ও খতিয়ান কম্পিউটারায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তা ছাড়া ২০১২ সাল থেকে শুরু করা হবে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ। সরকারের নির্বাচনী অঙ্গীকারে ২০২১ সাল পর্যন্ত সময়ের যে রূপকল্প ঘোষণা করা হয়েছে, তাতে ভূমি রেকর্ড ও নিবন্ধনের ডিজিটালকরণের কথা বলা হয়েছে।এ প্রসঙ্গে জানতে চাইলে ভূমিসচিব মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দেরি হয়নি, কাজ চলছে। আমরা প্রথমে পুরোনো সিএস রেকর্ড স্ক্যানিং বা কম্পিউটারায়ন করার উদ্যোগ নিয়েছি। ৬১টি জেলায় এটি করা হবে।’সচিব জানান, সব তথ্য সংরক্ষণ করতে প্রায় দুই বছর সময় লাগবে। একই সঙ্গে ডিজিটালকরণের প্রাথমিক কাজও চলবে। মূল প্রকল্পে দেশের প্রতিটি সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ভূমির ডেটাবেইস (তথ্যভান্ডার) তৈরির কথা ছিল। এতে ভূমিমালিকেরা অল্প সময়ে নির্ধারিত ফি দিয়ে ভূমিসংক্রান্ত যেকোনো প্রতিবেদন, সনদ, ভূমি ব্যবহারের তথ্য, খতিয়ান ও ডিজিটাল মৌজা ম্যাপ সংগ্রহ করতে সক্ষম হতেন। তিন বছর পার হওয়ার পর প্রাথমিক পদক্ষেপ হিসেবে আগামী দুই বছরের মধ্যে ভূমি রেকর্ড কম্পিউটারায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১১ সালের অক্টোবর থেকে ২০১২ সালের জুন পর্যন্ত বিদ্যমান মৌজা ম্যাপের স্ক্যানিং, অফিস সরঞ্জাম সংগ্রহ ও স্ক্যান করা ম্যাপ জনগণের কাছে বিতরণ করা হবে। ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ করতে আগামী জুলাই মাসে পরামর্শক নিয়োগ দেওয়া হবে। ভূমি মন্ত্রণালয় সূত্র জানায়, ২০০৯ সালে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় ভূমি রেকর্ড, জরিপ ও নিবন্ধন ডিজিটাল করতে দেওয়া নির্দেশনার আলোকে একটি প্রকল্পের আওতায় ৫৪টি জেলার ভূমি জরিপ, রেকর্ড প্রণয়ন ও সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নের কথা বলা হয়। পাশাপাশি এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে সাতটি জেলার ৪৫টি উপজেলার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়। কিন্তু তিন বছর পার হতে চললেও এসব প্রকল্পের বাস্তবায়ন দৃশ্যমান নয়। এ প্রসঙ্গে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, যা সম্পন্ন করতে ১০ থেকে ১৫ বছর প্রয়োজন। তবে স্বল্পসময়ের মধ্যে এ কাজে দৃশ্যমান অগ্রগতি অর্জনের উদ্যোগ নেওয়া হচ্ছে।’ সম্প্রতি এ বিষয়ে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রকল্প দ্রুত শুরু করা ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।