তিন বছরের মধ্যে জনগণ প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, সরকারের দুই বছর পার হয়েছে, ইনশাল্লাহ আগামী তিন বছরের মধ্যে আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করব।’ তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতসহ সব পর্যায়ে সরকারকে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।গতকাল শনিবার দি ইনস্টিটিউট অব কস্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত সিএ ভবন মিলনায়তনে ‘বাংলাদেশে অভিন্ন এনার্জি অ্যাকাউন্টিং পদ্ধতির প্রবর্তন’ শীর্ষক ওই সেমিনার অনুষ্ঠিত হয়।ফারুক খান বলেন, জ্বালানি খাতের উন্নতির জন্য ৬০০ কোটি টাকা খরচ করে বাপেক্সকে আরও শক্তিশালী করা হয়েছে। ইতিমধ্যে বাপেক্স বেশ কিছু সফলতা অর্জন করেছে।মন্ত্রী আরও বলেন, সরকার যথেষ্ট চেষ্টা করছে বিদ্যুতের লোডশেডিং সহনীয় পর্যায়ে নিয়ে আসতে। বর্তমান সরকার দুই বছরে প্রায় দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করেছে। অথচ এর আগে বিএনপি-জামায়াত জোট সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের সাত বছরে এতটুকু বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়নি।বাণিজ্যমন্ত্রী আইসিএবিতে আরও বেশি শিক্ষার্থী ভর্তি এবং আরও বেশি সংখ্যক সদস্য করার সুযোগ সৃষ্টির আহ্বান জানান। তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নে আইসিএবিকে সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে।পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উল আলম বলেন, বাংলাদেশে অভিন্ন এনার্জি অ্যাকাউন্টিং পদ্ধতি অনুসরণ করলে সব পক্ষই একটি উন্নত কাজের ধারা প্রবর্তনে সক্ষম হবে।আইসিএবির সভাপতি পারভীন মাহমুদ বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিদ্যুৎ ও জ্বালানি খাতের গুরুত্ব সবচেয়ে বেশি। উন্নত ও উন্নয়নশীল দেশের অনুসরণে এই খাতটি একটি রেগুলেটরি কাঠামোর মধ্যে পরিচালিত হওয়া উচিত বলে তিনি মত প্রকাশ করেন।অনুষ্ঠানে সেশন চেয়ারম্যান ছিলেন আইসিএবির সাবেক প্রেসিডেন্ট কে জেড ইসলাম। লিখিত প্রবন্ধ পড়ে শোনান বিদায়ী প্রেসিডেন্ট জামালউদ্দিন আহমেদ।