তিন বস্তিতে পানির বৈধ সংযোগ

রাজধানীর সব বস্তিতেই পানির সংযোগ অবৈধ নয়। কড়াইল, সাততলা পোড়া বস্তি ও কল্যাণপুর পোড়া বস্তিতে অধিকাংশ পানির সংযোগই বৈধ উপায়ে নেওয়া। বেসরকারি সংস্থার পাশাপাশি বস্তির বাসিন্দারা নিজ খরচে নিচ্ছেন পানির বৈধ সংযোগ। এসব সংযোগ থেকে নিয়মিত বিলও পাচ্ছে ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)।
তবে কল্যাণপুর পোড়া বস্তির বাসিন্দারা বর্তমানে নিয়মিত পানির বিল পরিশোধ করলেও ওয়াসার কাছে আগের প্রায় ১০ লাখ টাকা বকেয়া পড়েছে।
কয়েকটি বেসরকারি সংস্থা ওয়াসার সঙ্গে চুক্তি করে এসব বস্তিতে পানির বৈধ সংযোগ দিয়েছে। বেসরকারি সংস্থাগুলো বস্তির বাসিন্দাদের নিয়ে গঠিত কমিউনিটি বেসড অর্গানাইজেশন (সিবিও) কমিটির মাধ্যমে বস্তিতে সংযোগ বৈধ করার কাজ করে। বস্তির যে কেউ সিবিওর মাধ্যমে আবেদন করলে বৈধ পানির সংযোগ দেওয়া হয়। বেসরকারি সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ও সিবিও সূত্র অনুযায়ী, কল্যাণপুর বস্তিতে ১৮৯টি, কড়াইল বস্তিতে ৬৯৪টি এবং সাততলা পোড়া বস্তিতে ৩৫০টি বৈধ সংযোগ রয়েছে।
ব্যক্তি উদ্যোগে বৈধ সংযোগ: বৈধ সংযোগের সুবিধার কথা চিন্তা করে বর্তমানে ব্যক্তিগত খরচেই পানির সংযোগ বৈধ করছে বস্তিবাসী। আরও ২০০ সংযোগের জন্য আবেদন জমা আছে বলে জানান কড়াইল সিবিওর সভাপতি সেলিনা আকতার।
বস্তিবাসী রিনা বেগম, আফাজ উদ্দিন, লুৎফর রহমান, আবদুর লতিফ, হায়দার আলী, শিউলিসহ অনেকেই নিজ খরচে বৈধ সংযোগ নিয়েছেন। তাঁরা বলেন, প্রথমে কিছু টাকা খরচ হলেও প্রতি মাসের খরচটা অনেক কম। আগে অবৈধ সংযোগ প্রদানকারীকে দিতে হতো মাসে ৩০০-৪০০ টাকা। কিন্তু বৈধ হওয়ার পর প্রতি মাসে বিল দিতে হয় ৫০ টাকা।
সিবিওর সূত্র অনুযায়ী, এখন যাঁরা পানির সংযোগ নিচ্ছেন তাঁদের খরচ হয় মোট ১৩ হাজার ৩৫০ টাকা। এর মধ্যে ডিমান্ড নোটের জন্য ৮ হাজার ৩০৪ টাকা, মিটারের জন্য ৫ হাজার টাকা এবং প্রয়োজনীয় কাগজ ফটোকপির জন্য ৪৬ টাকা। বস্তির বাসিন্দারা এ টাকা সাধারণত তিন কিস্তিতে দিয়ে থাকেন।
ডিএসকের পিহ্যাপ প্রকল্পের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (সিপিও) মাহবুবুর রহমান জানান, বস্তিবাসী এখন সচেতন। নিজ খরচেই তারা এখন সংযোগ নিচ্ছে।
বৈধ সংযোগ, বিল বকেয়া: রাজধানীর কল্যাণপুর বস্তিতে ১৮৬টি বৈধ সংযোগ থেকে ঢাকা ওয়াসার বিল বকেয়া পড়েছে প্রায় ১০ লাখ টাকা। এই বিল ২০১২-১৩ সালে বকেয়া হয়েছিল। এখন বস্তিবাসী নিয়মিত বিলের পাশাপাশি এই বকেয়া বিলও পরিশোধ করছে।
বাসিন্দাদের অভিযোগ, ওয়াসার রাজস্ব শাখার খামখেয়ালি এবং ভুতুড়ে বিল প্রদানের কারণে বিল বকেয়া পড়েছে। ওয়াসার লোকজন মিটার দেখতে না এসে তাঁদের মনগড়া বিল করার কারণে এই অবস্থা হয়েছিল।
ওয়াসার সংশ্লিষ্ট বিভাগের একাধিক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, রাজস্ব শাখার কারণে সমস্যা শুরু। তারা নিয়মিত বিল না দিয়ে, দু-তিন মাস পরপর বিল দেওয়ায় অনেক বিল জমে যেত। তা ছাড়া লোকবল কম থাকায় সব সময় মাঠপর্যায়ে গিয়ে বিল করাও সম্ভব হয় না।
বস্তির পানি সংযোগ নিয়ে কাজ করে ওয়াসার লো ইনকাম কমিউনিটি (এলআইসি) শাখা। এলআইসি জানায়, কল্যাণপুর বস্তিতে ২০১২ সাল থেকে বিল বকেয়া পড়তে শুরু করে। ২০১৩ সালের নভেম্বর পর্যন্ত বকেয়া বিলের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৭ লাখ টাকা। ২০১৩ সালের ডিসেম্বর থেকে কল্যাণপুর বস্তির গ্রাহকেরা নিয়মিত মাসিক বিল পরিশোধ করছেন। বকেয়া বিল আদায়ের জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। কল্যাণপুর বস্তির বাসিন্দারা এখন প্রতি মাসে নিয়মিত বিলের পাশাপাশি কিছু টাকা বকেয়া হিসেবে জমা দিচ্ছে। তাদের জন্য বকেয়া বিল কিস্তির মাধ্যমে গ্রহণের এবং সারচার্জ মাফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেসরকারি সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ২০০৪ সালে কল্যাণপুর বস্তিবাসীদের পানির বৈধ সংযোগ নিতে উদ্বুদ্ধ করতে শুরু করে। এরপর ২০০৫ সালের জানুয়ারি থেকে ডিএসকে ওয়াটার এইডের অর্থায়নে বস্তিতে বৈধ সংযোগ দেওয়ার কাজ শুরু হয়। বৈধ সংযোগ দেওয়ার কাজ শেষ হয় ২০১০ সালের ডিসেম্বরে।
বস্তির কমিউনিটি বেসড অর্গানাইজেশন (সিবিও) সাধারণ সম্পাদক হান্নান আকন্দ প্রথম আলোকে বলেন, বৈধ সংযোগ দেওয়ার পর থেকে প্রায় প্রতি মাসেই ভুতুড়ে বিল আসত। কোন মাসে ১০ পরিবার ব্যবহার করে এমন সংযোগের বিল আসত ১ হাজার টাকা। আবার মাত্র দুই পরিবার ব্যবহার করে এমন সংযোগে বিল আসত ২ হাজার টাকা। এসব অভিযোগ জানালেও কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় বিল বকেয়া পড়ে। বর্তমানে সিবিও সদস্যরা মিটার দেখে বিল করায় নিয়মিত বিল পাচ্ছে ওয়াসা।