তিন বিমানবন্দরে নিরাপত্তা বাড়াতে ডগ স্কোয়াড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমানবন্দরে নিরাপত্তা বাড়াতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিজিবির ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। গতকাল দুপুরের ছবি l প্রথম আলো
বিমানবন্দরে নিরাপত্তা বাড়াতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিজিবির ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। গতকাল দুপুরের ছবি l প্রথম আলো

ঢাকার হজরত শাহজালাল, চট্টগ্রামের শাহ আমানত ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে দেশের এই তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরেই ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে।
নাশকতা হতে পারে—এমন আশঙ্কায় গত ২৬ অক্টোবর থেকে বিমানবন্দরগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়। জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা। মেটাল ডিটেক্টরে ধরা পড়বে না, এমন বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হবে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। গত রোববার থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোতায়েন করা হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ডগ স্কোয়াড। শাহ আমানত ও ওসমানী বিমানবন্দরে বিজিবির ডগ স্কোয়াড মোতায়েন করা হয় গতকাল মঙ্গলবার।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন জাকির হাসান গতকাল প্রথম আলোকে বলেন, আন্তমন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে বিমানবন্দরে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে।
ডগ স্কোয়াড মোতায়েনের ব্যাপারে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, ডগ স্কোয়াডের একাধিক কুকুর দিয়ে তল্লাশির কাজ চালানো হবে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বিমানবন্দরে এই ব্যবস্থা রাখা হবে।
র্যাবের সূত্র বলেছে, ঢাকায় বিমানবন্দরের নিরাপত্তায় থাকা র্যাবের আটটি দলের সঙ্গে ১৬টি কুকুর রয়েছে। এই আটটি দলে রয়েছেন ২৪ জন সদস্য। ডগ স্কোয়াডগুলো দিনের ২৪ ঘণ্টাই কাজ করবে।
গতকাল বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানবন্দরগুলোর সার্বিক নিরাপত্তা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তার উদ্দেশ্যে চট্টগ্রামের শাহ আমানত এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরক ও মাদকদ্রব্য শনাক্তকরণে বিজিবির প্রশিক্ষিত ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। গতকাল সকাল থেকে চট্টগ্রাম বিমানবন্দরে একটি ডগ স্কোয়াড দিয়ে তল্লাশির কাজ শুরু হয়েছে। সন্ধ্যা থেকে ওসমানী বিমানবন্দরেও একটি ডগ স্কোয়াড মোতায়েন করা হয়।
শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) জ্যেষ্ঠ সহকারী সুপার আলমগীর হোসেন বলেন, বিমানবন্দরে ৪৬টি স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতি পালায় এপিবিএনের দুই শতাধিক সদস্য দায়িত্ব পালন করেন। বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে আরও ৭০ জন সদস্য বাড়ানো হয়েছে।
নিরাপত্তার অংশ হিসেবে ২৬ অক্টোবর বিমানবন্দরে দর্শনার্থী টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল অ্যাভিয়েশন)। যাত্রী ছাড়া অন্য কাউকে বিমানবন্দরের ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। এর আগে ২০১৩ সালের ডিসেম্বর থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত ৫৭ দিন বন্ধ ছিল টিকিট বিক্রি। দ্বিতীয়বার এ বছরের ১৩ জানুয়ারি থেকে ৫ মে পর্যন্ত ১০৮ দিন টিকিট বিক্রি বন্ধ রাখা হয়।
শাহজালাল বিমানবন্দর সূত্র বলেছে, এই বিমানবন্দরে প্রতিদিন গড়ে ২৬টি বিমান সংস্থার ১২০টি ফ্লাইট পরিচালিত হয়। যাত্রী আসা-যাওয়া করেন ১৭ থেকে ২০ হাজার। দর্শনার্থীর সংখ্যা প্রায় ৬০ হাজার ছাড়িয়ে যায়। দর্শনার্থী টিকিট বিক্রি বন্ধ রাখায় লোকসানের হিসাব শুরু করেছে টিকিট বিক্রির ইজারাদার দুটি প্রতিষ্ঠান—অল ইন ওয়ান ও শফিক অ্যান্ড ব্রাদার্স।