তিন মাস ধরে সড়কে নালার পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর বাজারপাড়া এলাকার সড়ক নর্দমার পানিতে সয়লাব l ছবি: প্রথম আলো
মিরপুর বাজারপাড়া এলাকার সড়ক নর্দমার পানিতে সয়লাব l ছবি: প্রথম আলো

মিরপুর বাজারপাড়া এলাকার চলাচলের প্রধান সড়কটি তিন মাস ধরে পয়োনিষ্কাশন নালার ময়লা পানিতে ডুবে আছে। নালা বন্ধ হওয়ায় বক্স কালভার্টের মুখ দিয়ে উপচে বেরিয়ে আসছে আবর্জনাযুক্ত ময়লা কালো পানি।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে পয়োনিষ্কাশন নালাগুলো সংস্কার করা হয় না। অনেকবার এলাকার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর এবং সিটি করপোরেশনের কর্মকর্তাদের বিষয়টি জানানোর পরও কোনো সমাধান আসেনি। ফলে তিন মাস ধরে এলাকাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, মিরপুর-১ নম্বরের উত্তর সিটির ৯ নম্বর ওয়ার্ডের এলাকাধীন বাজারপাড়া জামিয়া আরাবিয়া আফসারিয়া মাদ্রাসা ও এতিমখানা থেকে সামনে প্রায় ১০০ ফুট অংশে আবুল হাসেমের বাড়ি পর্যন্ত রাস্তায় এই অবস্থা চলছে। চলাচলের সুবিধার জন্য এলাকাবাসী রাস্তার ওই অংশে ইট ও বালুর বস্তা ফেলে ওপর দিয়ে চলাচল করছে স্থানীয় বাসিন্দারা। তবে দুজন মুখোমুখি হলেই পারাপারে সমস্যা হয়ে যায়। তখন যেকোনো একজনকে ময়লা পানিতে নামতেই হয়। রিকশাওয়ালা, মোটরসাইকেলের চালক সবাই পচা পানিতে পা না নামিয়ে সেই অংশটি পার হওয়ার চেষ্টা করেন।

একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, বৃষ্টি হলে অবস্থা আরও খারাপ হয়। পানি বেড়ে যায়। বাজারপাড়ার বাসিন্দা মো. ফয়সাল মিয়া বলেন, এলাকার স্কুলগামী বাচ্চাদের অধিকাংশই হেঁটেই চলাচল করে। এসব বাচ্চাকে তিন মাস ধরে কষ্ট করে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে হচ্ছে।

স্থানীয় রিকশাচালক মো. মজনু বলেন, ‘কয়দিন ধইরা এইরাম অবস্থা হেইডা বইলা কী অইব? মনে হইতাসে এলাকার কোনো মা-বাপ নাই। দেহার কেউই নাইকা।’

বিষয়টি নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবুল হোসেনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তাঁকে কার্যালয়ে পাওয়া যায়নি। তাঁর দুটি মুঠোফোনের সংযোগে যোগাযোগের চেষ্টা করা হলে দুটিই বন্ধ পাওয়া যায়।

পয়োনিষ্কাশন নালা সংস্কারের বিষয়ে ঢাকা ওয়াসার সঙ্গে যোগাযোগ করা হলে মডস জোন-৪ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আকরাম হোসেন বলেন, ‘মিরপুরে আমাদের অধীনে কোনো এলাকার স্যুয়ারেজ লাইন নেই। এই এলাকাতে
আমরা শুধু পানি সরবরাহের কাজ করে থাকি।’