তিন মাসে দেওয়ার কথা ফল, হয়নি পাঁচ মাসেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ২০০৪-২০০৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা চতুর্থ বর্ষের সমাপনী পরীক্ষা দিয়েছিলেন ২০০৯ সালের ২১ নভেম্বর। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ করার কথা। কিন্তু পাঁচ মাসের অধিক সময় চলে গেলেও ফলাফল পাননি তাঁরা। ফলে শিক্ষার্থীরা বিভিন্ন চাকরিতে আবেদন করতে পারছেন না।দ্রুত ফলাফল দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার সহ-উপাচার্য হারুন-অর-রশীদের সঙ্গে দেখা করেন। এর আগে একই দাবিতে ১৩ এপ্রিল বিভাগের চেয়ারম্যান, অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করেন তাঁরা।ওই বর্ষের কয়েকজন শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, সবার সঙ্গেই একাধিকবার তাঁরা দেখা করেছেন, কিন্তু ফলাফল প্রকাশে কোনো অগ্রগতি নেই। এক শিক্ষার্থী বলেন, অধিকাংশ শিক্ষক বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করায় তাঁরা খাতা নিয়মিত দেখেন না। এর ফলে প্রতিবছরই ফলাফল দিতে দেরি হয়। ক্ষোভ প্রকাশ করে ওই শিক্ষার্থী বলেন, গত বছরও স্নাতকোত্তর বর্ষের ফল দিতে ১০ মাস সময় নেওয়া হয়েছে। ফলে বিভাগটি সোশিওলজির পরিবর্তে ‘সো সো লেজি’ উপাধি পেয়েছে।সহ-উপাচার্য হারুন-অর-রশীদ বলেন, ‘শিক্ষার্থীরা আসার আগেই বিভাগীয় চেয়ারম্যান ও ডিনের সঙ্গে কথা বলেছি। আশা করি, খুব শিগগির ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।’