তিন মাসে ৯৮৭ বখাটে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত সাড়ে তিন মাসে ৯৮৭ জন উত্ত্যক্তকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।বখাটেদের উৎপাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক বিভিন্ন শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা ও দেশব্যাপী ছাত্রী উত্ত্যক্ত করার ঘটনা বৃদ্ধি পাওয়ায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। সূত্র জানায়, গত ৬ এপ্রিল থেকে ২৪ জুলাই পর্যন্ত ঢাকা থেকে মোট ৯৮৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে ৩৩৭ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ১৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আর ৬৩৬ জনের বিরুদ্ধে নন এফআইআর (জিডির পর তদন্ত করে দেওয়া প্রতিবেদন) দাখিল করা হয়।ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের ৭৬ ধারায় উত্ত্যক্ত করার শাস্তি এক বছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা। আর বাংলাদেশ দণ্ডবিধির ৫০৯ ধারায় নারীর মর্যাদাহানির শাস্তি এক বছর পর্যন্ত কারাদণ্ড। নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় শ্লীলতাহানির শাস্তি কমপক্ষে তিন বছর থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড।