তিন মাসেও খোঁজ মেলেনি হূদয়ের
তিন মাসেও খোঁজ মেলেনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিয়াজ উদ্দীন ওরফে হূদয়ের (১৭)। গত ১১ মে রাজধানীর ওয়ারীর বাসা থেকে ধানমন্ডির বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য বের হয়ে আর বাসায় ফেরেনি হূদয়।এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে প্রথমে সূত্রাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) ও পরে মামলা করা হয়েছে। মামলাটি এখন মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে।জানতে চাইলে ডিবির তদন্ত তদারককারী কর্মকর্তা মোজাফফর হোসেন প্রথম আলোকে বলেন, হূদয়কে খুঁজে পেতে প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন পন্থা অবলম্বন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি বলেন, হূদয়কে খুঁজে পেতে ডিবির পক্ষ থেকে সব রকম চেষ্টা চলছে।ডিবি সূত্র জানায়, ইতিমধ্যে পুলিশ বিভিন্ন মাধ্যমে তদন্ত করে নিশ্চিত হয়েছে যে নিখোঁজ হওয়ার দিন সকাল সাড়ে নয়টার দিকে হূদয় ফার্মগেট এলাকায় ছিল। এরপর তার আর কোনো অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। তার ব্যবহূত মোবাইল ফোনটিও ওই দিন থেকেই বন্ধ রয়েছে।স্বজনদের আশঙ্কা, হূদয় কোনো দুর্বৃত্ত চক্রের কবলে পড়তে পারে। একমাত্র সন্তান নিখোঁজ থাকায় নানা রকম আশঙ্কায় অসুস্থ হয়ে পড়েছেন তার মা বিলকিস বেগম। তিনি বর্তমানে টিকাটুলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হূদয়ের বৃদ্ধ নানিও নাতির চিন্তায় অসুস্থ হয়ে এখন বারডেম হাসপাতালে ভর্তি।হাসপাতালে চিকিৎসাধীন বিলকিস বেগম বলেন, হূদয় একটি টিশার্ট ও জিনসের প্যান্ট পরে বাসা থেকে বের হয়েছিল, আর কোনো কাপড় নেয়নি। এমনকি বিশ্ববিদ্যালয়ের ফি বাবদ তাকে যে টাকা দেওয়া হয়েছিল, সে টাকাও তার পড়ার টেবিলে পাওয়া গেছে। তাই সে কোথাও আত্মগোপন করে আছে, এই যুক্তিও মানা যায় না কোনোভাবে। সে যেতে পারে সম্ভাব্য সব আত্মীয়স্বজনের বাসায়ও খোঁজ করা হয়েছে। এদিকে যোগাযোগ করা হলে হূদয়ের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ক্লাসের বন্ধুরা জানায়, ঘটনার দিন থেকে সে আর ক্লাসে যায়নি। কোনো বন্ধুর সঙ্গেও যোগাযোগ হয়নি। ইতিমধ্যে তার বিভাগের প্রথম সেমিস্টার পরীক্ষা হয়েছে, তাতেও অংশ নেয়নি সে।কেউ হূদয়ের সন্ধান পেলে ডিবি, সূত্রাপুর থানার পুলিশ অথবা ০১৮১৮০৬৩৭০৪ নম্বরে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।