তিন মাসের মধ্যে বাড়ি পলেস্তারা ও রং করতে হবে
আগামী ৮ জুনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার সব অপরিচ্ছন্ন ভবনকে পলেস্তারা ও রং করতে ভবনের মালিকদের অনুরোধ জানিয়েছেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন। গতকাল মঙ্গলবার দুপুরে নগর ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান।
সাঈদ খোকন বলেন, ডিএসসিসির এলাকার অনেক বাড়ির রং নষ্ট হয়েছে। কিছু বাড়ি নির্মাণের পর পলেস্তারাও করা হয়নি। এসব ভবনকে নির্ধারিত সময়ের আগে পলেস্তারা ও রং করতে হবে। একইভাবে সব সরকারি ও বেসরকারি ভবনে পলেস্তারা ও রং করতে হবে। তা না করলে আগামী ৮ জুনের পর ভবনের মালিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এই সময়ের মধ্যে নগরীর প্রতিটি বাড়ির মালিক ও বাসিন্দাদের তাঁদের বাড়ির আশপাশ ও আঙিনা পরিষ্কার রাখতে হবে। যাতে একটি সুন্দর নগরী নতুন প্রজন্মকে আমরা উপহার দিতে পারি।
মেয়র বলেন, ভবনের রং না করলে আইনে ভবনের মালিকের বিরুদ্ধে ৫ হাজার টাকা জরিমানার বিধান আছে। কিন্তু আমি কাউকে জরিমানা বা অন্য দণ্ড দিতে চাই না। আমরা চাই একটি সুন্দর স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে।
সংবাদ সম্মেলনে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান রাজস্ব কর্মকর্তা মোস্তফা কামালসহ ডিএসসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।