তিন মেট্রিক টন অবৈধ পলিথিনের শপিং ব্যাগ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ অধিদপ্তরের একটি ভ্রাম্যমাণ আদালত নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী তিনটি প্রতিষ্ঠান থেকে তিন হাজার ১০০ কেজি ব্যাগ উদ্ধার ও জব্দ করেছেন।বিএসটিআই পরিচালিত অপর একটি ভ্রাম্যমাণ আদালত অননুমোদিত পণ্য বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করেছেন এবং দায়ী ব্যক্তিদের কারাদণ্ড দিয়েছেন।পরিবেশ অধিদপ্তর ও বিএসটিআই গতকাল বুধবার নগরে এই ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করে।পলিথিন ব্যাগ উদ্ধার: পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত গতকাল পুরান ঢাকার চকবাজার থানার ইসলামবাগের পোস্তা এলাকার তিনটি পলিথিন শপিং ব্যাগের পাইকারি দোকানে অভিযান চালান। পলিথিনের ব্যাগ উৎপাদন, বাজারজাত ও বিক্রি নিষিদ্ধ হলেও এসব দোকানে অবৈধভাবে তা বিক্রি করা হচ্ছিল। এই দোকানের মালিকেরা এসব ব্যাগ উৎপাদনের সঙ্গেও জড়িত।আদালত ওই তিন দোকানের প্রায় ৩০ লাখ টাকা দামের পলিথিন শপিং ব্যাগ উৎপাদনের যন্ত্রপাতি ও প্রায় তিন মেট্রিক টন (তিন হাজার ১০০ কেজি) ব্যাগ জব্দ করেন। আদালত ওই তিন দোকান ও কারখানার বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করে দেন। আদালত এ ঘটনায় তিন ব্যক্তিকে আটক করে তাঁদের বিরুদ্ধে পরিবেশ আদালতে নিয়মিত মামলা করেন। অভিযানে অংশ নেওয়া চকবাজার থানার পুলিশ আটক করা ব্যক্তিদের জেলহাজতে পাঠায়।পরিবেশ অধিদপ্তরের সূত্র জানায়, পরিবেশ সংরক্ষণ আইন অনুসারে পলিথিন উৎপাদন, বাজারজাত ও বিক্রির অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা হতে পারে। কিন্তু একই অপরাধে ভ্রাম্যমাণ আদালত সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করতে পারেন। এ জন্য গতকালের অভিযানে আটক পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে পরিবেশ আদালতে নিয়মিত মামলা করা হয়েছে।অভিযানে অংশ নেওয়া পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিচালক সুকুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, এর আগে ভ্রাম্যমাণ আদালত গত আগস্ট মাসে একই জায়গার পাঁচটি পলিথিন শপিং ব্যাগ তৈরির কারখানার বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করেছিলেন।অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে পরিবেশ অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা অংশ নেন। মেট্রোপলিটন পুলিশের একটি দল আদালতের কার্যক্রমে সহায়তা করে।অননুমোদিত পণ্য: বিএসটিআই (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত গতকাল দুপুরে পুরান ঢাকার ছোট কাটরা এলাকার চম্পাকলি বাজারে অভিযান চালান। সেখানে পাইকারি তেল উৎপাদক ও বিক্রেতা প্রতিষ্ঠান পদ্মা এন্টারপ্রাইজে অপরিশোধিত মদিনা ও পদ্মা ব্র্যান্ডের সয়াবিন তেল টিনের কৌটা ও প্লাস্টিকের বোতলে ভর্তি করার পাশাপাশি ওই সব কৌটা ও বোতলের গায়ে বিএসটিআইয়ের মান নিয়ন্ত্রণ সিল দেওয়া হচ্ছিল।তেল বাজারজাত করার জন্য বিএসটিআইয়ের মান নিয়ন্ত্রণ পরীক্ষা বাধ্যতামূলক হলেও ওই প্রতিষ্ঠান তা না করায় তাদের পণ্য বাজারজাত করার অনুমোদন ছিল না। ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. আসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ও দুই লাখ টাকা জরিমানা করেন এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন।পরে ভ্রাম্যমাণ আদালত পুরানা পল্টন লেনের শুভ এন্টারপ্রাইজ নামের একটি ইলেকট্রিক পণ্যের দোকানে অভিযান চালান। ওই দোকান পাকিস্তান থেকে জিএফসি ব্র্যান্ডের সিলিং ফ্যান, টেবিল ফ্যান ও প্যাডেস্টাল ফ্যান আমদানি ও বিক্রি করে। কিন্তু বিএসটিআই থেকে ফ্যানের মান যাচাই না করে এগুলো বাজারে বিক্রি করা হচ্ছিল। দেশে তৈরি অথবা বিদেশ থেকে আমদানি করা যেকোনো ফ্যান বিক্রি করতে গেলে বিএসটিআই থেকে মান যাচাই করিয়ে নেওয়ার বিধান রয়েছে। ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. ইউনুছ আলী ও মো. মহিউদ্দিনকে এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করেন এবং দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়।