তিন লঞ্চমালিক এবার নৌ আদালতের মামলায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমভি অভিযান-১০ নামের লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল
ফাইল ছবি

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫৪ ধারায় গ্রেপ্তার তিন মালিককে নৌ আদালতের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। কারাগারে থাকা মালিক হামজালাল শেখ, শামীম আহাম্মেদ ও রাসেল আহাম্মেদকে ১৯ জানুয়ারি নৌ আদালতে হাজির করার আদেশ দেওয়া হয়েছে।

গত ২৩ ডিসেম্বর মধ্যরাতে ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে এমভি অভিযান ১০ লঞ্চে অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দগ্ধ অনেকে এখনো ঢাকা ও বরিশালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

আজ মঙ্গলবার ৫৪ ধারায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা মালিকদের গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়ে আদালতে হাজির করার আবেদন করেন নৌপরিবহন অধিদপ্তরের প্রসিকিউটিং অফিসার বেল্লাল হোসাইন।

নৌ আদালতের বিচারক জয়নাব বেগম আসামিদের গ্রেপ্তার দেখিয়ে ১৯ জানুয়ারি আদালতে হাজির করতে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের প্রতি আদেশ জারি করেন।

ওই দিন কারাগারে থাকা মামলার আসামি চার মাস্টার-ড্রাইভারকেও আদালতে হাজির করার কথা রয়েছে। পৃথক তারিখে আত্মসমর্পণের পর তাঁদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছিলেন নৌ আদালতের বিচারক।

আট আসামির মধ্যে লঞ্চটির একজন মালিক প্রাপ্তবয়স্ক নয় বলে আদালত সূত্র জানিয়েছেন।

র‌্যাব এর আগে লঞ্চটির মালিক হামজালাল শেখকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করে। বাকি দুই মালিক শামীম আহাম্মেদ ও রাসেল আহাম্মেদকে রাজধানীর সূত্রাপুর থেকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। তখন তাঁদের নৌ আদালতের মামলার পরিবর্তে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল।