তিন লিবীয়সহ চারজনকে নতুন মামলায় রিমান্ডের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানের একটি হোটেল থেকে আটক তিন লিবীয় ও বাংলাদেশি এক নারীকে মানব পাচারসংক্রান্ত পৃথক মামলায় ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মহানগর হাকিম জয়নব বেগম ৪ নভেম্বর রিমান্ড বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছেন। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে অন্য একটি মামলায় গতকাল ছয় দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করা হয়। আদালত এ মামলায় তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন, লিবিয়ার নাগরিক সামির আহমেদ ওমর, আম্মারা মাহমুদ, মোবারক সেলিম ও প্রিয়াঙ্কা জামান।আসামিপক্ষের আইনজীবী সৈয়দ শাহ আলম আদালতকে বলেন, আসামিরা লিবিয়ার নাগরিক। বৈধভাবে লোক নিতে বাংলাদেশে এসেছেন। তাঁদের বারবার রিমান্ডে নেওয়া হলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। জনশক্তি রপ্তানি বিঘ্নিত হবে। শুনানি শেষে আদালত মামলার প্রয়োজনীয় কাগজপত্রসহ শুনানির নতুন তারিখ ধার্য করেন। গত ২৩ অক্টোবর গুলশানের লেক শোর হোটেল থেকে তিন লিবীয় ও এক বাংলাদেশি নারীকে আটক করা হয়। এ ঘটনায় ওই দিনই গুলশান থানায় মানব পাচার ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন নিয়ে দুটো মামলা করা হয়।