তিন লিবীয়সহ চারজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর
মানব পাচারের অভিযোগে করা মামলায় লিবিয়ার তিন নাগরিক ও বাংলাদেশি এক তরুণীর পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মহানগর হাকিম হারুন-অর-রশিদ গতকাল রোববার এ আদেশ দেন।এই তিন লিবীয় নাগরিক হলেন: সামির আহমেদ ওমর ফার্দ, আমের মাহমুদ ও মোবারক ফার্দ সেলিম এবং বাংলাদেশি তরুণী হলেন প্রিয়াংকা জামান।বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে করা মামলায় এই চারজনকে ছয় দিন রিমান্ড শেষে ১ নভেম্বর আদালতে হাজির করা হয়। সেদিন তাঁদের মানব পাচারের অভিযোগে করা মামলায় ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক মনিরুল ইসলাম এই আবেদন করেন। আদালত গতকাল রিমান্ড শুনানির দিন ধার্য করেন।গতকাল আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। আদালত তা নাকচ করে আসামিদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।ডিবি পুলিশ গত ২৫ অক্টোবর মধ্যরাতে গুলশানের একটি হোটেল থেকে ওই চারজনকে গ্রেপ্তার করে। হোটেলে তাঁদের কক্ষ থেকে এক লাখ ৮১ হাজার ৩০০ মার্কিন ডলার, ১০ লাখ ৬৬ হাজার ৫০০ বাংলাদেশি টাকা, লিবিয়ার কিছু দিনার, কাতারের কিছু রিয়াল, ৬৮৪টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়।এ ঘটনায় গুলশান থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন অধ্যাদেশ এবং বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করে পুলিশ।ডিবি পুলিশ সূত্র জানায়, এই চক্র বাংলাদেশি কিছু অসাধু ব্যক্তির সহায়তায় লিবিয়ায় জনশক্তি রপ্তানির নামে দীর্ঘদিন ধরে মুদ্রা পাচার করে আসছিলেন। তাঁরা জনশক্তি রপ্তানির কথা বললেও বাংলাদেশ ও লিবিয়া সরকারের কোনো অনুমতিপত্র দেখাতে পারেননি। বিদেশে পাঠানোর কথা বলে আসামিরা গত ছয় মাসে ৪০০-৫০০ জনের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়েছেন। গত ঈদুল ফিতরের আগে তাঁদের মাধ্যমে কিছু বাংলাদেশি লিবিয়া গিয়ে ফেরত এসেছে।