তিন শ্রমিকের অপমৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত দুই দিনে তিনজন শ্রমিকের অপমৃত্যু হয়েছে। গতকাল শনিবার শ্যামপুরে একটি কারখানায় কাজ করার সময় মাথার ওপর লোহার পাত পড়ে মারা যান রুনা আক্তার (৩৫) নামের একজন শ্রমিক। শুক্রবার পল্টন ও কদমতলীতে ভবন থেকে পড়ে যথাক্রমে মো. সোহেল (৩২) ও মো. আলমগীর (২৫) নামের দুজন শ্রমিক মারা যান। শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মফিজুল শেখ বলেন, রুনা শ্যামপুরের মীরহাজীরবাগ এলাকায় মুক্তার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামের একটি কারখানার শ্রমিক ছিলেন। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে তিনি ওই কারখানায় কাজ করছিলেন। এ সময় হঠাৎ তাঁর মাথার ওপর একটি লোহার পাত পড়লে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। রুনার গ্রামের বাড়ি কুমিল্লায়। পল্টন থানার এসআই দীপক কুমার বলেন, গতকাল বেলা একটার দিকে পল্টনের ভিআইপি রোড এলাকায় ওয়েল্ডিংয়ের কাজ করার সময় ১০ তলার একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মারা যান নির্মাণশ্রমিক সোহেল। তাঁর গ্রামের বাড়ি মানিকগঞ্জে। বাবা নূর মিয়া। কদমতলী থানার এসআই ওসমান আলী বলেন, গত শুক্রবার রাত আড়াইটার দিকে কদমতলীর পোস্তগোলা বালুর মাঠসংলগ্ন একটি পাঁচ তলা ভবন থেকে পড়ে মারা যান মো. আলমগীর। তিনি ওই এলাকায় আরবি স্টিল মিল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন। ওই ভবনের দ্বিতীয় তলায় থাকতেন তিনি। এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আলমগীরের গ্রামের বাড়ি গাইবান্ধায়। বাবা জালাল উদ্দিন।