তিন স্তরের নিরাপত্তা কাজে লাগেনি, ব্যাখ্যা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন নিপীড়নের ঘটনার প্রতিবাদে গতকাল মানববন্ধনে শিল্পীসমাজ। জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে ব্যানার হাতে দাঁড়িয়েছেন মেহের আফরোজ শাওন, রুনা খান, চয়নিকা চৌধুরী, তমালিকা কর্মকার, অরুণা বিশ্বাস ও মোহন খানসহ শিল্পীরা l ছবি: প্রথম আলো
পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন নিপীড়নের ঘটনার প্রতিবাদে গতকাল মানববন্ধনে শিল্পীসমাজ। জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে ব্যানার হাতে দাঁড়িয়েছেন মেহের আফরোজ শাওন, রুনা খান, চয়নিকা চৌধুরী, তমালিকা কর্মকার, অরুণা বিশ্বাস ও মোহন খানসহ শিল্পীরা l ছবি: প্রথম আলো

নববর্ষ উপলক্ষে রমনা চত্বর, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে ছিল পুলিশের তিন স্তরের নিরাপত্তা। পুলিশ কমিশনার রীতিমতো সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়ে দেন। অথচ নারীদের লাঞ্ছিত করার সময় অপরাধীদের একজনকেও ধরতে পারেনি পুলিশ। এমনকি এ ঘটনার পাঁচ দিন পরও কাউকে শনাক্ত পর্যন্ত করা হয়নি। ফলে পুলিশের এই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তবে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া এ অভিযোগ মানতে চাননি। গতকাল শনিবার প্রথম আলোকে তিনি বলেন, ওই সব এলাকায় কোনো কিছুই পুলিশের নজরদারির বাইরে ছিল না। সেখানে যা ঘটেছে তার সবই পুলিশের ১৩১টি ক্যামেরায় ধারণ করা হয়েছে। নারী নিগ্রহের অভিযোগ পাওয়ার পর পরই পুলিশ সেখানে গিয়ে লাঠিপেটা করেছে। এসব দৃশ্য ভিডিওতে ধারণ করা আছে।
ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম গতকাল নিজের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, বেশ কিছুদিন ধরে পয়লা বৈশাখের বিরুদ্ধে প্রচার চালানো হচ্ছিল। একটি মহল পয়লা বৈশাখের সংস্কৃতিকে ‘শিরক’ বলে প্রচার চালাচ্ছিল। তিনি সন্দেহ করছেন যারা এই প্রচারণা চালিয়েছে, তারাই এ ঘটনা ঘটিয়েছে। নারী লাঞ্ছনার ঘটনা পরিকল্পিত বলেই মনে করেন তিনি।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ভিডিও ফুটেজে তাঁরা সাত-আটজন যুবকের চেহারা দেখেছেন। কিন্তু এদের শনাক্ত করতে পারেননি।
পুলিশ জানায়, বর্ষবরণে নারী লাঞ্ছিত হওয়ার ঘটনায় দুটি পৃথক কমিটি করা হয়েছে। এর একটি কমিটি পুলিশের তদন্তে সহায়তা করবে। আরেকটি পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখবে। পুলিশের দাবি, ওই দিন কাউকে বিবস্ত্র হওয়ার ঘটনা ঘটেনি। তবে অনেক নারী লাঞ্ছিত হয়েছেন। যাঁরা নিগৃহীত হয়েছেন, তাঁদেরও খোঁজ পায়নি পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের একাধিক কর্মকর্তা জানান, বর্ষবরণ নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও পুলিশ কমিশনারের কার্যালয়ে দফায় দফায় বৈঠক হয়েছে। সেসব বৈঠকের ভিত্তিতে পুরো এলাকা ঘিরে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেয় পুলিশ। বর্ষবরণের দুদিন আগে কমিশনার নিজে রমনা উদ্যানে গিয়ে নিরাপত্তা তদারক করেন। রমনা চত্বর, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব সড়ক ও উদ্যানে ১৩১টি ক্যামেরা বসানো হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রমনা উদ্যানে পুলিশের কঠোর নজরদারি থাকলেও সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তেমন ছিল না। তা ছাড়া বিকেলের দিকে রমনায় সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করে দিলে সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মানুষের ঢল নামে। এ সময় এত মানুষের ভিড় সামাল দিতে পুলিশের কোনো তৎপরতাই ছিল না। যে কারণে এক শ্রেণির যুবক নারীদের লাঞ্ছিত করার সুযোগ পেয়ে যায়।
আবার কয়েকজন যুবক প্রথম আলোকে ফোন করে বলেন, ঘটনার সময় কয়েকজনকে তাঁরা হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দিলেও পুলিশ তাদের ছেড়ে দেয়। তবে পুলিশ কর্মকর্তারা একজনকে আটকের কথা স্বীকার করে বলেন, কয়েকজন যুবক এসে একজনকে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় পুলিশ সদস্যরা অন্য একটি ঘটনা সামাল দিতে গেলে সেই যুবক পালিয়ে যায়।
যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী প্রথম আলোকে বলেন, ‘আমি বর্ষবরণ অনুষ্ঠানে আইনশৃঙ্খলার দায়িত্বে ছিলাম এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকেও ছিলাম। বিগত সময়ে যেসব জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছিল সেগুলো চিহ্নিত করি, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে। সে জন্য পরিকল্পনাও নেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী কাজও চলছিল, কিন্তু কিছুটা ব্যত্যয় ঘটেছে। পরিকল্পনার শতভাগ বাস্তবায়ন সম্ভব হয়নি।’
যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, কিছু ঘটনা ঘটেছে সেটা ঠিক। আবার যতটুকু ঘটেছে সেটাও পুলিশ প্রতিরোধ করতে পারেনি। তবে জড়িতদের শনাক্ত করা সম্ভব হলে খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, ঘটনা তদন্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দীর সঙ্গে পুলিশ কথা বলেছে। যে মেয়েটিকে তিনি সাহায্য করেছিলেন বলে দাবি করেছেন, তাঁর নাম-পরিচয় তিনি দিতে পারেননি।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ ইব্রাহিম ফাতেমীকে সভাপতি করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির অন্য দুজন হলেন ডিএমপির যুগ্ম কমিশনার কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ওয়াই এম বেলালুর রহমান ও ডিবির উপকমিশনার (পূর্ব) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর। এঁদের সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া পুলিশের পক্ষ থেকে এ নিয়ে একটি মামলাও করা হয়েছে। মামলার তদন্তে সহায়তার জন্য রমনা জোনের পুলিশের অতিরিক্ত উপকমিশনার ও সহকারী কমিশনারকে সদস্য করে অন্য একটি কমিটি করা হয়েছে।
ইব্রাহিম ফাতেমী গতকাল প্রথম আলোকে বলেন, দায়িত্ব পাওয়ার পর তিনি কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। যদি কেউ নিগৃহীত হয়ে থাকেন, পুলিশের সঙ্গে তাঁদের যোগাযোগ করতে বলা হয়েছে। তাঁদের পরিচয় গোপন রাখা হবে। তিনি বলেন, ঘটনাসম্পর্কিত ছবি এবং এর সঙ্গে জড়িতদের সম্পর্কে পরিচয় ও তথ্য জানাতে ডিবির উপকমিশনারের (পূর্ব) এর ০১৭১১৬০৫১৪৬ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।