তিন স্যাটেলাইট শহর নির্মাণের স্থান চূড়ান্ত
ঢাকা, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জে তিনটি স্যাটেলাইট শহর নির্মাণের জন্য স্থান চূড়ান্ত করেছে সরকার। আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত এসব শহরে প্লট ও ফ্ল্যাট—দুই ধরনের গৃহায়ণের সুযোগ থাকছে। সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতে এসব শহর নির্মিত হবে। তাই বিদেশি অংশীদার খুঁজতে চলতি মাসে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব সিঙ্গাপুর যাচ্ছেন।সচিব খন্দকার শওকত হোসেন গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, স্থান নির্বাচন চূড়ান্ত হয়েছে। অনেক বড় বিনিয়োগ হওয়ায় বেসরকারি অংশীদারের সহায়তা নেওয়া হবে। বিদেশি প্রতিষ্ঠানকে এ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হলেও দেশি অংশীদার পাওয়া গেলে হাতছাড়া করা হবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্যাটেলাইট শহর নির্মাণের ক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষতির বিষয়টি লক্ষ রাখা হবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকার ধামরাই উপজেলার সাভার বাজারের কাছাকাছি বংশী নদীর তীরে ৬৯৩ একর জমির ওপর নির্মিত হবে স্যাটেলাইট শহর। রাজধানীর জিরো পয়েন্ট থেকে ৩০ এবং গাবতলী থেকে এ শহরের দূরত্ব হবে ২০ কিলোমিটার। মোট জমির ৫০ শতাংশ প্লট ও ফ্ল্যাটের জন্য থাকবে। বাকি জায়গায় খেলার মাঠ, বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, বিপণিবিতান, বাজার ও পার্ক হবে।শহরে তিন কাঠা আয়তনের দুই হাজার ১২৬টি প্লট, পাঁচ কাঠা আয়তনের ৬২৭টি এবং ১০ কাঠা আয়তনের ১০৫টি—মোট দুই হাজার ৮৫৮টি আবাসিক প্লট হবে। এ ছাড়া ৩১টি ভবনে এক হাজার ৪৫০ বর্গফুটের পাঁচ হাজার ২০৮টি ফ্ল্যাট, ৩১টি ভবনে এক হাজার ২০০ বর্গফুটের পাঁচ হাজার ২০৮টি এবং ৪১টি ভবনে এক হাজার বর্গফুটের ছয় হাজার ৮৮৮টি ফ্ল্যাট হবে, যার সংখ্যা ১৭ হাজার ৩০৪টি।প্রাথমিকভাবে প্লটের জন্য প্রতি কাঠা জমির বিক্রয়মূল্য ধরা হয়েছে দুই লাখ ৬২ হাজার টাকা। ফ্ল্যাটের ধরন অনুযায়ী সর্বোচ্চ ৪০ লাখ এবং সর্বনিম্ন ২৮ লাখ টাকা বিক্রির দাম ধরা হয়েছে। এসব প্লটের উন্নয়ন ও ফ্ল্যাট নির্মাণে ব্যয় ধরা হয়েছে পাঁচ হাজার ৯৩৭ কোটি ৮৭ হাজার টাকা।মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা সদরসংলগ্ন এক হাজার ১১৩ একর জমির ওপর হবে দ্বিতীয় শহর। জিরো পয়েন্ট থেকে এর দূরত্ব হবে ৩৫ এবং গাবতলী থেকে ২৫ কিলোমিটার। এখানে প্রতি কাঠা জমির বিক্রয়মূল্য ধরা হয়েছে দুই লাখ ৪১ হাজার টাকা। এখানে তিন কাঠা আয়তনের তিন হাজার ৪০৫টি, পাঁচ কাঠা আয়তনের এক হাজার ১০টি এবং ১০ কাঠা আয়তনের ১৭০টি—মোট চার হাজার ৫৮৫টি প্লট থাকবে। এ ছাড়া ৫০টি ভবনে এক হাজার ৪৫০ বর্গফুটের আট হাজার ৪০০টি, ৫০টি ভবনে এক হাজার ২০০ বর্গফুটের আট হাজার ৪০০টি এবং ৬৬টি ভবনে এক হাজার বর্গফুটের ১১ হাজার ৮৮টি ফ্ল্যাট থাকবে। শ্রেণীভেদে ফ্ল্যাটের দাম হবে ২৭ লাখ থেকে ৪৩ লাখ টাকা। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে নয় হাজার ৪৭৩ কোটি ৫০ লাখ ৩৫ হাজার টাকা। তৃতীয় স্যাটেলাইট শহরটি হবে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৯৬০ একর জমির ওপর। জিরো পয়েন্ট থেকে ১৬ এবং মোহাম্মদপুর বুদ্ধিজীবী সেতু থেকে শহরের দূরত্ব হবে ১০ কিলোমিটার। এখানে তিন কাঠা আয়তনের দুই হাজার ৯৫০টি, পাঁচ কাঠা আয়তনের ৯০০টি এবং ১০ কাঠা আয়তনের ১৫০টিসহ মোট চার হাজার প্লট থাকবে। প্লটের প্রতি কাঠা জমির দাম ধরা হয়েছে দুই লাখ ৩০ হাজার টাকা। ফ্ল্যাট হবে ২৪ হাজার ২৪টি। এর মধ্যে এক হাজার ৪৫০ বর্গফুটের সাত হাজার ২২৪টি, এক হাজার ২০০ বর্গফুটের সাত হাজার ২২৪টি, এক হাজার বর্গফুটের নয় হাজার ৫৭৬টি ফ্ল্যাট থাকছে। শ্রেণীভেদে ২২ থেকে সর্বোচ্চ ২৯ লাখ টাকা হবে এসব ফ্ল্যাটের দাম।