তিন হাজার বোতল ফেনসিডিলসহ পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শান্তিনগর ও হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে গত সোমবার রাতে তিন হাজার বোতল ফেনসিডিলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুুলিশ (ডিবি)।ডিবি সূত্র জানায়, সোমবার রাত সাড়ে সাতটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মশিউর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল শান্তিনগরের ইস্টার্ন প্লাস মার্কেটের সামনে অভিযান চালায়। ডিবি সেখানে একটি প্রাইভেটকার আটক করে এবং এতে তল্লাশি চালিয়ে এক হাজার ৮০০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী—মো. মাসুম (২৮), মো. আলাউদ্দিন (৩২) ও আজিমকে (৩৫) আটক করে। আটক আলাউদ্দিনের তথ্যের ভিত্তিতে ডিবির একই দল রাত নয়টার দিকে রায়েরবাজার সিকদার মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে একটি ট্রাক আটক করে এবং এতে তল্লাশি চালিয়ে এক হাজার ২০০ বোতল ফেনসিডিলসহ তারিক (৩০) ও আবদুল জলিলকে (৪৮)আটক করে। ফেনসিডিল উদ্ধারের ঘটনায় পল্টন ও হাজারীবাগ থানায় দায়ের হওয়া মামলায় আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হয়েছে।মশিউর রহমান প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিরা সীমান্ত থেকে ফেনসিডিল এনে রাজধানীর মোহাম্মদপুর, সায়েন্স ল্যাবরেটরি ও রায়েরবাজার এলাকায় বিক্রি করতেন বলে পুলিশকে জানিয়েছেন।