তিনজনকে গুলি ও ছুরিকাঘাত করে সাড়ে ১৬ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় গতকাল সোমবার ব্যবসায়ীসহ তিনজনকে গুলি ও ছুরিকাঘাত করে সাড়ে ১৬ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা হয়েছে।হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সৌরভ কেমিক্যাল অ্যান্ড ওয়ার্কসপের হিসাবরক্ষক সেলিম সরদার (২৫) তাঁর সহকর্মী সুমনকে নিয়ে শ্যামলীর একটি ব্যাংক থেকে দুই লাখ ২০ হাজার টাকা তুলে মোটরসাইকেলে অফিসে ফিরছিলেন। তাঁদের মোটরসাইকেলটি শ্যামলী এক নম্বর সড়কে জনসেবা ক্লিনিকের সামনে পৌঁছলে ছিনতাইকারীরা তাঁদের গতিরোধ করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দেওয়ার কারণে ছিনতাইকারীরা সেলিম সরদারের বাঁ পায়ে ও ডান হাতে ছুরিকাঘাত করে টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।এদিকে বিকেল তিনটার দিকে পুরান ঢাকার কাপড় ব্যবসায়ী ফরিদ খান (৪০) রিকশাযোগে প্রতিষ্ঠানের ১১ লাখ টাকা নিয়ে ইসলামী ব্যাংকে (সদরঘাট শাখা) যাচ্ছিলেন। বাংলাবাজার মোড়ে পৌঁছলে চার-পাঁচজন ছিনতাইকারী অস্ত্রের মুখে রিকশার গতিরোধ করে টাকাগুলো ছিনিয়ে নেয়। এ সময় তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাঁর ডান পায়ে গুলি করে। ফরিদ খানের চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা ফাঁকা গুলি করে পালিয়ে যায়।এ ব্যাপারে জানতে চাইলে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু হানিফ প্রথম আলোকে বলেন, ফরিদ খান গুলিবিদ্ধ হয়েছেন ঠিকই; কিন্তু এখনো তিনি বা তাঁর পক্ষে কেউ মামলা করার জন্য থানায় আসেননি। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান কোতোয়ালি থানা এলাকায়। তিনি কাগজের প্যাকেটে কত টাকা বহন করছিলেন, সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। ছিনতাইকারীদের ধরার ব্যাপারে পুলিশ সজাগ আছে।একই দিন বেলা সোয়া একটার দিকে জুরাইন রেলগেটের সামনে তিনটি মোটরসাইকেলে ছয়জন ছিনতাইকারী বাংলালিংকের বিক্রয়কর্মী আল আমিনের (৩০) কাছে থাকা আড়াই লাখ টাকা ও ৮০ হাজার টাকার মোবাইল ফোন কার্ড নিয়ে যায়। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাঁর হাত ও পায়ে গুলি করে।