তিনজনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীর ভাটারা, শাহজাহানপুর ও যাত্রাবাড়ীতে পৃথক ঘটনায় দুই গৃহবধূসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, গতকাল সকালে কুড়িল বিশ্বরোড এলাকার কাজীবাড়ি মসজিদ গলির একটি ছয়তলা বাসার নিচতলা থেকে নীপা আক্তার (১৯) নামের এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। ওই তরুণীর স্বামীর নাম ফয়জুল ইসলাম। তাঁর স্বজনেরা পুলিশকে জানিয়েছেন, তাঁদের মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকত। এর জেরে নীপা আত্মহত্যা করতে পারেন।
রাজধানীর উত্তর শাহজাহানপুরে হামিদা আক্তার (২০) নামের এক পোশাককর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। হামিদার স্বামী ইমরান হোসেন পুলিশকে জানান, কথা-কাটাকাটির পরে গতকাল সকালে বাসা থেকে বের হয়ে যান ইমরান। বাসায় ফিরে দেখেন স্ত্রীর লাশ ঝুলছে।
এদিকে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর সুরুজনগরে সাততলা বাসায় ছয়তলা ফ্ল্যাট থেকে এক কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নাইমুল হাসান (৩৮) ইসলামপুরে কাপড়ের ব্যবসা করতেন।
যাত্রাবাড়ী থানার এসআই নূরজাহান পারভীন জানান, এ ঘটনায় নাইমুলের স্ত্রী থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।