স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক উপাদানে তৈরি হচ্ছিল শাহী নিউটেক্স-সি, উইনিক টেস্টি স্যালাইন, ইনো ড্রিংক পাউডারসহ বিভিন্ন খাদ্যসামগ্রী। গতকাল সোমবার ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিষয়টি ধরা পড়ে। দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর উত্তরখানের ৬০৮ কুড়িপাড়ারটেক এলাকার একটি দোতলা বাড়িতে জয়নাল আবেদীনের মালিকানাধীন শাহী ফুড অ্যান্ড বেভারেজে অভিযান চালান। সেখানে বিএসটিআইএর বিনা অনুমোদনে এবং ক্ষতিকর রাসায়নিক উপাদানে তৈরি হচ্ছিল ইনো ড্রিংক পাউডার, শাহী নিউটেক্স-সি, উইনিক টেস্টি স্যালাইন, ফ্রুট ড্রিংক, জুস, চকোলেট, ইনো ড্রিংক পাউডার, মিক্স চাটনি ও সরিষার তেল। এসব পণ্য তৈরিতে কেমিক্যালের উপাদান প্রয়োগ করার কোনো রসায়নবিদও ছিলেন না। আদালত এ জন্য শাহী ফুড অ্যান্ড বেভারেজকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন।ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন বলেন, এই কারখানায় বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করার প্রমাণ পাওয়া গেছে। তাত্ক্ষণিক জরিমানার টাকা দিতে না পারায় প্রতিষ্ঠানের মালিক জয়নাল আবেদীনকে উত্তরখান থানার পুলিশের হেফাজতে দেওয়া হয়। কারখানার মালিক জানান, কয়েক মাস আগে কয়েকজন মিলে কারখানাটি কিনেছেন। দুটি পণ্যে তাদের বিএসটিআইয়ের অনুমোদন আছে। অন্যগুলোর অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। তিনি বিনা অনুমতিতে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধ স্বীকার করেন। অভিযানে অংশ নেয় বিএসটিআই ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা জানান, গতকাল রাজধানীর দক্ষিণখানে মিতু আইসক্রিম, সুপার আইসক্রিম ও আলিকো আইসক্রিম কারখানায় অভিযান চালানো হয়। বিএসটিআইয়ের অনুমোদন না থাকা ও পরিবেশ নোংরা থাকায় মিতু আইসক্রিমকে ২০ হাজার টাকা ও অন্য দুটিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযানে র্যাব-১-এর উপপরিচালক মোস্তাক আহমেদসহ একটি দল অংশ নেয়।