তিনটি পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে সুপেয় পানি উৎপাদন, বাজারজাত এবং অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করার অপরাধে গতকাল বুধবার তিনটি পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও কর ফাঁকির দায়ে আরও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।আদালত সূত্রে জানা গেছে, তুরাগ থানার বাউনিয়ার বটতলা এলাকার ‘মালিহা পিওর ড্রিংকিং ওয়াটার’ নামের একটি প্রতিষ্ঠান নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে সুপেয় পানি উৎপাদন ও বাজারজাত করছিল। এ অপরাধে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোহাম্মদ রিপনকে সাত দিনের কারাদণ্ড, মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ এবং এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।এরপর আদালত তুরাগের বাদলদী এলাকার ‘দি লাইন পিওর ড্রিংকিং ওয়াটার’ নামের প্রতিষ্ঠানে অভিযান চালান। ওই প্রতিষ্ঠানটিও বিএসটিআইয়ের অনুমোদনহীন পানি উৎপাদন ও অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে। এই অপরাধে প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। একই অপরাধে ওই এলাকার পিওর ড্রিংকিং ওয়াটারের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা ও যন্ত্রপাতি বাজেয়াপ্ত করা হয়। পরবর্তী সময়ে আদালত রাজধানীর বিমানবন্দর এলাকার ‘মনোলোভা কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে’ অভিযান চালান। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম হোসেন।