লাইসেন্সবিহীন ড্রিংকিং ওয়াটার উৎপাদন এবং অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে ফ্রুট ড্রিংকস বিক্রি ও বিতরণ করায় রাজধানীর তিনটি প্রতিষ্ঠান সিলগালা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল তেজগাঁও ও বাড্ডায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে জেলা প্রশাসন ও র্যাব-৩-এর সহায়তায় ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম হোসেন।বিএসটিআই জানায়, তেজগাঁওয়ের ৪৯ স্টেশন রোডের ম্যাথ ফুড অ্যান্ড বেভারেজ বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া ড্রিংকিং ওয়াটার উৎপাদন, বিক্রি ও বিতরণ করছিল। এ জন্য প্রতিষ্ঠানের মালিক খন্দকার এ কে আজাদকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ২০টি অবৈধ জার ধ্বংস করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।একই অভিযোগে তেজগাঁও ১৪৮/বি স্টেশন রোডে অবস্থিত ভিভা এন্টারপ্রাইজের বিরুদ্ধেও অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানের মালিক মো. জামাল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড এবং ৩০টি জার ধ্বংস করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।বিএসটিআই জানায়, উত্তর বাড্ডার ৩৯০ স্বাধীনতা সরণিতে অবস্থিত আনোয়ার ফুড প্রোডাক্ট অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে ফ্রুট ড্রিংকস পণ্য উৎপাদন, বিক্রি ও বিতরণ এবং অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে মিক্সড ফ্রুট হার্বাল সিরাপ উৎপাদন, বিক্রি ও বিতরণ করছিল। এ জন্য ম্যানেজার গোলাপ আহমেদকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তিন হাজার ৫০০টি অবৈধ বোতল ধ্বংস করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।