তিনটি প্রতিষ্ঠানকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ফায়ার সার্ভিসের ছাড়পত্র নেওয়ার পরও পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার রাজধানীর জুরাইনের একটি রাসায়নিক গুদামকে জরিমানা করেছেন। এ ছাড়া অপর দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে আদালত পুরান ঢাকার নারিন্দার জহুরুল হকের রাসায়নিক গুদামে অভিযান চালান। সেখানে জহুরুল হক নামের এক ব্যক্তি ফায়ার সার্ভিসের ছাড়পত্র ছাড়া রাসায়নিক পদার্থ গুদামজাত করেন। এই অপরাধে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আদালত জুরাইন ওয়াসা রোডের আলীমুন ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালান। ওই প্রতিষ্ঠানের গুদামে অধিক মাত্রার দাহ্য পদার্থ মজুদ রাখা হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফায়ার সার্ভিসের ছাড়পত্রও নেওয়া হয়েছে। কিন্তু পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র ছিল না। আর যেগুলো ছিল তা দিয়ে আগুন নেভানো সম্ভব ছিল না। এই অপরাধে আদালত প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন। পুরোনো মবিল নতুন ক্যানে ভরে বিক্রির দায়ে করাতিটোলা এলাকার আবদুল মতিন নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দোকানি আদালতের কাছে অপরাধের কথা স্বীকার করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা প্রথম আলোকে বলেন, টুইলিন ও ফসফরাসসহ অধিক মাত্রার দাহ্য পদার্থ গুদামজাত করা হয়েছে। কিন্তু সেখানে পর্যাপ্ত পরিমাণে অগ্নিনির্বাপক যন্ত্র পাওয়া যায়নি। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতকে ফায়ার সার্ভিস ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১০) একটি দল সহায়তা করে।