তিনতলা ভবন উল্টে পড়ল ডোবায়

ঢাকার কেরানীগঞ্জের পূর্ব চরাইল খেলার মাঠ সংলগ্ন এলাকায় একটি তিনতলা ভবন পাশের ডোবায় ধসে পড়ে। কেরানীগঞ্জ, ১৯ ফেব্রুয়ারিছবি: তানভীর আহাম্মেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জের চরাইল এলাকায় আজ শুক্রবার ভোরে একটি তিনতলা ভবন উল্টে ডোবার মধ্যে পড়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ সাতজন আহত হয়েছেন। আরও সাতজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ঢাকার কেরানীগঞ্জের পূর্ব চরাইল খেলার মাঠ সংলগ্ন এলাকায় একটি তিনতলা ভবন ডোবায় ধসে পড়েছে। কেরানীগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো

আজ ভোর ৫টার দিকে চরাইল খেলার মাঠের কাছে তিনতলা ভবনটির উল্টে পড়ে। পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, খালের পাড়ে নিচু জমি হওয়ার কারণে ভবনটি উল্টে যেতে পারে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম আজ সকালে প্রথম আলোকে জানান, সকাল সাড়ে ছয়টা থেকে উদ্ধারকাজ শুরু হয়।

তিনতলা ভবন উল্টে গেছে। কেরানীগঞ্জ, ঢাকা, ১৯ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো

ভবনটির নিচতলা পুরোপুরি উল্টে গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কেরানীগঞ্জ ও ঢাকার সদর দপ্তরের পাঁচটি ইউনিট উদ্ধার অভিযান চালায়। এখনো উদ্ধারকাজ চলছে। ভবনটিতে আর কেউ আছে কি না, খুঁজে দেখা হচ্ছে। অল্প সময়ের মধ্যে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হবে।

তিনতলা ভবন উল্টে গেছে। ঢাকা, কেরানীগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো

পুলিশ জানিয়েছে, ভবনটির মালিকের নাম জানে আলম (৪৭)। তাঁর পরিবারসহ চারটি পরিবার ভবনটিতে বসবাস করে। দুর্ঘটনায় ভবনের মালিকসহ সাতজন সামান্য আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও একটি শিশু রয়েছে। তাঁদের মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকার কেরানীগঞ্জের পূর্ব চরাইল খেলার মাঠ সংলগ্ন এলাকায় একটি তিনতলা ভবন ডোবায় ধসে পড়েছে। ঢাকা, কেরানীগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো

ওসি জানান, কী কারণে ভবনটি উল্টে গেছে, তা তদন্ত করে দেখা হবে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিচু জমির কারণে দেবে গিয়ে থাকতে পারে।