১৯৫৮ সালে যাত্রা শুরু করে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগ। আজ দেশে অনেক টেলিভিশন হয়েছে। প্রচণ্ড প্রতিযোগিতা হচ্ছে। আরও টেলিভিশন আসবে। অনেক বেতার এসেছে। তবে এত প্রতিযোগিতার মধ্যেও ভয়েস অব আমেরিকা টিকে থাকার চেষ্টা করছে। গতকাল জাতীয় প্রেসক্লাবে ভয়েস অব আমেরিকার ৫২ বছর পূর্তি অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির কাছে জানতে চাওয়া হয়েছিল প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর অনুভুতির কথা। তিনি বলেন, ‘আমি শুধু বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্র মন্ত্রী নই, উপ-মহাদেশেরই প্রথম নারী পররাষ্ট্র মন্ত্রী।’ ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান ইকবাল বাহার চৌধুরী বলেন, আশা করা যায় আধুনিক প্রযুক্তির সঙ্গে সমন্বয় করে এই তীব্র প্রতিযোগিতার মধ্যেও ভয়েস অব আমেরিকা টিকে থাকবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভয়েস অব আমেরিকা ফ্যান ক্লাবের সমন্বয়কারী এস এম জহুরুল আলম।