তুচ্ছ ঘটনায় র্যাব কার্যালয়ে শেকৃবি ছাত্রদের ঢিল
র্যাব সদস্যদের সঙ্গে কথাকাটাকাটির জের ধরে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা র্যাব ২-এর কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। গতকাল বুধবার সকালে শেরেবাংলা নগরে এ হাঙ্গামার সময় শিক্ষার্থীরা র্যাব কার্যালয়ের দুটি সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয়। পরে র্যাব কর্মকর্তা ও শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র গতকাল সকাল ১০টায় স্থানীয় একটি রেস্তোরাঁয় নাশতা করতে যায়। তারা নাশতা পরিবেশনে দেরি হওয়ায় রেস্তোরাঁর কর্মচারী রঞ্জুকে বকাঝকা করে। এ সময় একই রেস্তোরাঁয় খেতে বসা র্যাবের দুই সদস্য রঞ্জুকে ডেকে নিয়ে আগে তাদের নাশতা দিতে বলে। এ নিয়ে দুই ছাত্র ক্ষিপ্ত হয়ে র্যাব সদস্যদের সঙ্গে তর্ক শুরু করে, যা একপর্যায়ে হাতাহাতিতে গড়ায়। এ খবর কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বের হয়ে কাছের র্যাব কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। তারা র্যাব কার্যালয়ের দুটি সাইনবোর্ড খুলে আগুন ধরিয়ে দেয়। শিক্ষার্থীরা কিছু সময় ধরে রোকেয়া সরণি অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। শিক্ষার্থীদের অভিযোগ, রেস্তোরাঁয় র্যাবের সদস্য এক ছাত্রের মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেয়। এতে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠে। র্যাব কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেন। কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সেকেন্দার আলী প্রথম আলোকে বলেন, দুই পক্ষ দুই ধরনের বক্তব্য দিয়েছে। কেউ বলেছে, ছাত্ররা দুর্ব্যবহার করেছে, আবার কেউ বলেছে, র্যাব সদস্যরা বাড়াবাড়ি করেছে।