তুরাগ নদের সীমানাখুঁটি স্থাপন আজ শুরু
ঢাকার অদূরে টঙ্গীতে তুরাগ নদের সীমানাখুঁটি স্থাপনের কাজ আজ সোমবার শুরু হচ্ছে। এর সঙ্গে নদী দখল ও দূষণরোধে জন-সচেতনতামূলক কার্যক্রমও চলবে।গতকাল রোববার তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিবরণীতে এ কথা জানানো হয়েছে।এতে বলা হয়, নদী রক্ষাসংক্রান্ত টাস্কফোর্সের সভাপতি ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান আজ সকাল ১০টায় টঙ্গীর কামারপাড়া সেতুসংলগ্ন তুরাগ নদের তীরে সীমানাখুঁটি স্থাপনের কাজ উদ্বোধন করবেন। এ ছাড়া সোয়া ১০টায় টঙ্গীর টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) মাঠে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে পরিবেশিত হবে সংগীতানুষ্ঠান।প্রসঙ্গত, রাজধানীর চারপাশের নদীগুলো রক্ষা এবং গুরুত্বপূর্ণ নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনার জন্য সরকার একটি জাতীয় টাস্কফোর্স গঠন করে। এই টাস্কফোর্স নদীর সীমানা নির্ধারণ করে খুঁটি স্থাপন ও পায়ে চলার পথ নির্মাণের সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুর জেলার বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ, বালু ও ধলেশ্বরী নদীর সীমানাখুঁটি স্থাপনের জন্য প্রায় ২৬ কোটি টাকা বরাদ্দ করা হয়। এর মধ্যে ঢাকা জেলা ১৬ কিলোমিটার, নারায়ণগঞ্জের ৬০, গাজীপুরের সাড়ে ১৮ এবং মুন্সিগঞ্জ জেলার ২৫ কিলোমিটার এলাকায় সীমানাখুঁটি স্থাপন করা হবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসন সীমানাখুঁটি নির্মাণের কাজ শুরু করেছে। তথ্যবিবরণী।