তুরাগে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরাগের দলিপাড়ার ইফতেখার হোসেন নামে (৩১) ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে তাঁর লাশ পায় পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ইফতেখারের স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলী বলেন, স্ত্রী এবং আড়াই মাসের এক সন্তানসহ দলিপাড়ার একটি বাসায় ভাড়া থাকতেন ইফতেখার। গতকাল শনিবার ভোরে ওই বাসার বারান্দার গ্রিলের সঙ্গে ইফতেখারকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে দাবি করেন তাঁর স্ত্রী মাহমুদা আক্তার। পরে ইফতেখারকে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মাহবুব আলী বলেন, ঘটনার সময় ওই বাসায় মাহমুদার বোন মর্তুজা বেগম, মা মনোয়ারা বেগম এবং বোনের স্বামী লুৎফর রহমান ছিলেন। বাসায় থাকা এই চারজনের বিরুদ্ধে ইফতেখারের বোন শাহানা আক্তার বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা করেছেন। 

ইফতেখারের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। উত্তরার ১১ নম্বর সেক্টরে তাঁর একটি কাচের দোকান আছে।