তুরাগে ডাকাতের চাপাতির আঘাতে চারজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তুরাগ থানার হরিরামপুর ইউনিয়নে গত সোমবার রাতে ডাকাতের চাপাতির আঘাতে চারজন আহত হয়েছেন।আহত ব্যক্তিরা হলেন জগীন্দ্র সরকার, গণেশ সরকার, নীলকান্ত চন্দ্র সরকার ও মাহিন্দ্র সরকার। তাঁদের মধ্যে জগীন্দ্রকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।আহত জগীন্দ্র সাংবাদিকদের বলেন, তিনি হরিরামপুর ইউনিয়নের তাফালিয়া গ্রামের বাসিন্দা। সোমবার রাত দুইটার দিকে তাঁর বাসার পার্শ্ববর্তী এক অবসরপ্রাপ্ত মেজরের বাসায় ১০-১২ জন ডাকাত ঢোকার চেষ্টা করে। এতে ওই বাসার সদস্যরা ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে। এ সময় প্রতিবেশীরা বের হয়ে ওই ডাকাতদের ধাওয়া দেয়। একপর্যায়ে তিনিসহ আহত চারজন একজন ডাকাতকে ধরে ফেললে অন্য ডাকাতেরা তাঁদের চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে চারজনই আহত হন এবং ডাকাতেরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।জগীন্দ্র সরকার আরও বলেন, চার-পাঁচ মাস আগে ওই বাসায় একবার ডাকাতি হয়েছিল। এর পর থেকে তাঁরা পালা করে গ্রাম পাহারা দিচ্ছেন।যোগাযোগ করা হলে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল করিম প্রথম আলোকে বলেন, ‘ঘটনা শুনে গতকাল ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’