তুরাগে দেয়াল তুলে জায়গা দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তুরাগ থানা এলাকায় হাঁটার পথে দেয়াল তুলে এক দম্পতিকে প্রায় অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই দম্পতির নাম আমান উল্লাহ (৭০) ও রহিমা খাতুন (৬০)। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জায়গা দখলের জন্য ওসমান গনি, ওমর ফারুক ও ইব্রাহিম খলিল নামের তিন ভাই এ কাজ করেছেন। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো দম্পতি ও তাঁর পরিবার পুলিশি হয়রানির শিকার হয়েছেন।অভিযোগ উঠেছে, ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় এক নেতার আশীর্বাদ আছে বলে থানা পুলিশও তাঁদের ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না।আমান উল্লাহর ছেলে মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, উত্তরা ৩ নম্বর সেক্টরসংলগ্ন তুরাগ থানার ছমির উদ্দিন রোডের বাদশাহর টেকে তাঁদের পৈতৃক বাড়ি। প্রায় ১৩ বছর ধরে বাড়িতে যাওয়া-আসার জন্য সামনের একটি রাস্তা তাঁর বাবা-মা ব্যবহার করে আসছিলেন। নিরাপত্তার জন্য বাড়ির সামনে লোহার ফটকও বসানো হয়েছিল। গত ২৮ জানুয়ারি পুলিশ ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওসমান, ইব্রাহিম ও ওমর ওই ফটকের সামনের জায়গাসহ বেশ কিছু জায়গায় দেয়াল তুলে দখল করে নেন। মাহফুজুরের অভিযোগ, দেয়াল তোলার সময় বাধা দিতে গেলে তাঁর বাবাকে মারধর করা হয়। তিনি (মাহফুজুর) ঘটনাস্থলে গেলে পুলিশ তাঁকে আটক করে। এরপর তাঁকে প্রায় ছয় ঘণ্টা আটকে রাখা হয়। পরে মুক্ত হয়ে থানায় তিনি লিখিত অভিযোগ করেন। পুলিশ অভিযোগটিকে সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নিলেও কোনো ব্যবস্থা না নিয়ে আদালতের আশ্রয় নিতে বলে।মাহফুজুর বলেন, বাসার সামনের রাস্তাটির পাশে কিছু জায়গার মালিক তাঁরা। কিন্তু ২০১১ সালে ওই জায়গার ব্যাপারে তিন ভাই তাঁর (মাহফুজুর) বাবাসহ কয়েকজনকে আসামি করে আদালতে মামলা করেন। মামলাটি বিচারাধীন। অথচ এরই মধ্যে ওই তিন ভাই দেয়াল তুলে ওই জায়গার বেশ কিছু অংশ দখলে নিয়েছেন। ওই রাস্তাটি দক্ষিণখান ইউনিয়ন পরিষদের মালিকানাধীন ছিল বলে মাহফুজুরের দাবি।সরেজমিনে দেখা যায়, বাড়ির ওই ফটকসহ বেশ কিছু জায়গাজুড়ে উঁচু দেয়াল। কয়েকটি বাড়ির সরু গলি দিয়ে দেয়াল টপকে ওই বাসায় গিয়ে দেখা যায়, বাসার দরজায় দাঁড়িয়ে আছেন আমান উল্লাহ। দেয়াল তোলার বিষয়ে জানতে চাইলে আমান উল্লাহ বলেন, ‘কী বলব, আপনি তো নিজেই দেখতেছেন। ওদের ক্ষমতা আছে। আমাদের তো নাই।’অভিযোগের বিষয়ে ৬ ফেব্রুয়ারি ইব্রাহিম মুঠোফোনে বলেন, রাস্তার জায়গাসহ বেশ কিছু জায়গার মালিক তাঁরা। তাই তাঁরা দেয়াল তুলে দখলে নিয়েছেন। কয়েক দিন পর আবার ফোন করলে তিনি বলেন, ওই খানে কোনো রাস্তা ছিল না। দেয়াল অনেক আগেই তোলা হয়েছিল।ইব্রাহিম বলেন, ‘মালিকানার জন্য মামলা করিনি। আগে কাগজপত্রে কিছু ত্রুটি ছিল বলে সংশোধনের জন্য মামলা করেছি।’সংশ্লিষ্ট জায়গাটি সম্প্রতি সিটি করপোরেশনে গেছে। এর আগে দক্ষিণখান ইউনিয়ন পরিষদের অধীনে ছিল। পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি তাদের (তিন ভাই) অনুরোধ করে বলেছি, দেয়াল ভেঙে চলাচলের রাস্তা খুলে দেওয়ার জন্য। কিন্তু তারা শুনছে না। জোর খাটিয়ে ওরা এ কাজ করছে।’তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল করিম বলেন, ‘ওইটা ইব্রাহিম খলিলদের জায়গা। তাই দেয়াল তারাই তুলেছে।’ ওইখানে কোনো রাস্তা নেই বলে তিনি দাবি করেন। ইব্রাহিম খলিলদের পরিবার জমির মালিকানার জন্য মামলা করেছে, এ তথ্য জানালে ওসি বলেন, বিষয়টি তাঁর জানা নেই।