তুরাগের আড়াই কিলোমিটার দখলমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তুরাগ নদের দীর্ঘ আড়াই কিলোমিটারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ঢাকা জেলা প্রশাসনের নেতৃত্বে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআই-ডব্লিউটিএ) এ অভিযান চালায়। গতকাল মঙ্গলবার বেলা ১১টার পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম হোসেনের নেতৃত্বে বিআইডব্লিউটিএ ও সাভার থানা পুলিশের সমন্বয়ে অভিযান শুরু হয়। দুপুর পর্যন্ত এই অভিযানে সাভারের ইসাকাবাদ মৌজায় অবস্থিত তুরাগ নদ ও তীরের অবৈধ ৩০টি কাঁচা টংঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং নদের তীরের আড়াই কিলোমিটারের অবৈধ স্থাপনা দখলমুক্ত করা হয়েছে। তবে দখলদারদের খুঁজে না পাওয়ায় কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেননি ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অংশ নেওয়া ম্যাজিস্ট্রেট সেলিম হোসেন প্রথম আলোকে বলেন, ‘এটি একটি চলমান প্রক্রিয়া। নদ-নদী দখলমুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। এ মাসে আরও কয়েকটি অভিযান চালানো হবে।’