তুলে দিলেও দখলকারীরা আবার চলে আসে

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে জয়লাভ করেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী কাজী জহিরুল ইসলাম। তিনি গতকাল রোববার ওয়ার্ডের বিভিন্ন বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন।
জহিরুল ইসলাম বলেন, মিরপুর-১০ নম্বর থেকে মূল সড়কের ফুটপাত দখল করে যেসব দোকান বসেছে, সেগুলো কয়েক দিন পরপর উচ্ছেদ করা হয়। তুলে দেওয়ার কয়েক দিন পরেই দখলকারীরা আবার চলে আসে। তবে হোপ ইন্টারন্যাশনাল স্কুলের সামনে সিটি করপোরেশন চলাচলে বাধা হয় না এমনভাবে শতাধিক হকারকে পরীক্ষামূলকভাবে বসতে দিয়েছে।
এলাকার ভাঙা সড়কের বিষয়ে কাউন্সিলর বলেন, ওয়ার্ডের অবকাঠামো উন্নয়নে প্রায় ১৭৬ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। ইতিমধ্যে প্রায় ৩৫ কোটি টাকার কাজের দরপত্র হয়ে গেছে। আগামী দেড়-দুই বছরের মধ্যে ওয়ার্ডে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হবে।
অপরিচ্ছন্নতার বিষয়ে জহিরুল বলেন, দুই লাখ লোক অপরিষ্কার করে, ৬৫ জন মিলে তা পরিষ্কার করা হয়। প্রতিদিন না হলেও একদিন পরপর হলেও অলিগলি পর্যন্ত ঝাড়ু দেওয়ার ব্যবস্থা করা হয়।