তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছাতে চিকিৎসকদের এগিয়ে আসতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, ‘জেলা, উপজেলা ও গ্রামপর্যায়ে স্বাস্থ্যসেবা দেওয়ার যথাযথ প্রক্রিয়ার মধ্যে আমরা নেই। অথচ দেশের ৭৫ শতাংশ মানুষ এসব এলাকায় বাস করে। তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার জন্য চিকিৎসকদের এগিয়ে আসতে হবে।’গতকাল বুধবার বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির ৩৭তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি।অনুষ্ঠানের প্রধান অতিথি আ ফ ম রুহুল হক বলেন, গ্রাম ও উপজেলা পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবার সুযোগ সহজলভ্য করা ও আর্থিক সামর্থ্যের মধ্যে তা নিশ্চিত করতে সরকার চেষ্টা করছে। জেলা পর্যায়ের হাসপাতালকে দ্বিতীয় স্তরের স্বয়ংসম্পূর্ণ চিকিৎসাকেন্দ্র করার চেষ্টাও করা হচ্ছে। তিনি আরও বলেন, এসব হাসপাতাল ব্যবহার করে সেবা দেওয়ার জন্য চিকিৎসকদেরই এগিয়ে আসতে হবে। রোগীরা যেন হাসপাতাল থেকে বিনা চিকিত্সায়, অপচিকিৎসায়, দুর্ব্যবহারের কারণে ফিরে না যায় সেদিকে লক্ষ রাখতে হবে চিকিৎসকদের।স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক বলেন, চিকিৎসকেরা থাকতে চান না বা যেতে কষ্ট হয় এমন এলাকা চিহ্নিত করা এবং এসব এলাকায় চিকিৎসকদের থাকার জন্য বাড়তি সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হবে। চিকিৎসকদের উৎসাহ দিতেই তা করা হবে।স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির বলেন, ২০২০ সালের মধ্যে দেশ থেকে অন্ধত্ব দূর করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। তিনি বলেন, এ লক্ষ্য অর্জন করতে হলে তৃণমূল পর্যায়ে চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন।স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন বলেন, ‘দেশের জেলা ও উপজেলা পর্যায়ে চক্ষু বিশেষজ্ঞ নেই। সব জেলায় চক্ষু বিশেষজ্ঞ রাখতেও পারছি না। ঢাকায় আসার জন্য চিকিৎসকেরা আমার দরজায় তদবির করেন। আমি এর থেকে পরিত্রাণ চাই। ওইসব এলাকায় আনুষঙ্গিক যন্ত্রপাতি থাকলেও বিশেষজ্ঞ না থাকায় এগুলো ব্যবহার করা যাচ্ছে না।’বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির সভাপতি আভা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, বাংলাদেশ একাডেমি অব অফথালমোলজির আজীবন সভাপতি এম এ মতিন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মাহমুদ হাসান, বিএমএ ও বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির মহাসচিব শারফুদ্দিন আহমেদ, বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির সাংগঠনিক সম্পাদক এ কে এম সহিদুর রহমান তরফদার প্রমুখ।