তৃণমূলের নারীদের উন্নয়ন ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের নারী উদ্যোক্তাদের সংখ্যা যত বাড়বে, কর্মসংস্থানও তত বাড়বে। এর ফলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে। এ জন্য তৃণমূলের নারীদের উন্নয়ন ঘটাতে হবে। অন্যথায় দেশের উন্নতি সম্ভব নয়।গত ৪০ বছরে দেশের নারী উদ্যোক্তারা অনেক দূর এগিয়েছেন। এখন পুরুষদের পাশাপাশি তাঁদের মূল ধারার ব্যবসায় আসতে হবে। দেশের অর্থনীতিতে প্রত্যক্ষভাবে অংশ নিতে হবে। তৃণমূল পর্যায়ে যোগাযোগ বাড়াতে হবে। সেখানকার নারী উদ্যোক্তাদের সমস্যা সমাধান করে তাঁদের পথচলা মসৃণ করতে হবে।‘কানেটিং অ্যান্ড ইন্টিগ্রেটিং উইমেন এন্ট্রাপ্রেনিউরস’ শীর্ষক গোলটেবিল আলোচনায় গতকাল বুধবার বক্তারা এসব কথা বলেন। দ্য এশিয়া ফাউন্ডেশন, ম্যানেজমেন্ট অ্যান্ড রিচার্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই), দ্য ডেইলি স্টার এবং বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্ট্রাপ্রেনিউরস (বিএফডব্লিউই) যৌথভাবে গোলটেবিলটির আয়োজন করে। ডেইলি স্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই গোলটেবিল আলোচনায় সূচনা বক্তব্য দেন এশিয়া ফাউন্ডেশনের আবাসিক প্রতিনিধি হাসান এম মজুমদার। সমন্বয় করেন একাত্তর টিভির বার্তা বিভাগের পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা।গোলটেবিল আলোচনায় অংশ নেওয়া সিলেটের নারী উদ্যোক্তা স্বর্ণলতা রায়, রাজশাহীর রোজি নাজনীন, রংপুরের আনোয়ার ফেরদৌসী, খুলনার রওশন আরা, বরিশালের রেবেকা সুলতানা পৃথকভাবে তাঁদের বক্তব্যে নারী উদ্যোক্তাদের জন্য কম সুদে ঋণ, পণ্য বিপণনের জন্য নির্দিষ্ট বাজার ও প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি জানান।বিআইডিএসের জ্যেষ্ঠ গবেষক নাজনীন আহমেদ বলেন, ‘নারী উদ্যোক্তারা ব্যবসা শুরু করতে গেলে নিয়ম না জানা, মূলধনের অভাব, ঋণ না পাওয়ার মতো আনুষ্ঠানিক কিছু সমস্যায় পড়েন। তা ছাড়া সামাজিকভাবে অনানুষ্ঠানিক সমস্যা মোকাবিলা করতে হয় তাঁদের। নারী ব্যবসা করবে—এটা মেনে নিতেই সমাজে অনেক সময় লেগে যায়।’ নাজনীন আরও বলেন, একই সঙ্গে উপজেলা পর্যায়ে গিয়ে নারীদের উদ্বুদ্ধ করার দায়িত্ব নিতে হবে। তাঁদের জন্য সহজ-শর্তে ঋণের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ ব্যাংকরে ডেপুটি গভর্নর এস কে সূর চৌধুরী বলেন, পুরুষের সহযোগিতা ছাড়া নারীর ক্ষমতায়ন সম্ভব না। তবে অধিকার কেউ কাউকে দেয় না। এটি সংগ্রাম করে নিতে হয়। সূর চৌধুরী আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংক এসএমই খাতে বিশেষ স্কিম নিয়েছে। তারপর কিছু ক্ষেত্রে নারীরা সমস্যা পড়ছেন। এগুলো কাটিয়ে উঠতে আমরা কাজ করছি। তবে নারীদের আপাতত ১০ শতাংশ সুদেই ঋণ নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। এ ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক কোনো গাফিলতি করছে কি না, বাংলাদেশ ব্যাংক তা তদারক করছে।’ ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, ‘নারীর অবস্থান পুরুষের সমান না হলে একটি সমাজ কখনোই পরিপূর্ণ হয় না। যদিও এ ক্ষেত্রে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে আছি।’বিএফডব্লিউইর সভাপতি রোকেয়া আফজাল নারী উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, ‘আপনারা প্রত্যেকে পাঁচজন নারীকে ব্যবসায় নামাবেন। তখন আমাদের নেটওয়ার্ক বাড়বে। আমরা শক্তিশালী হব।’ তিনি উদ্যোক্তাদের অ্যাসোসিয়েশনের পাশাপাশি জেলার চেম্বারগুলোতে যুক্ত হতে বলেন। সেই সঙ্গে বুটিক ও পার্লার ব্যবসার বাইরে এসে পুরুষদের সঙ্গে আমদানি-রপ্তানি কিংবা ঋণপত্র খোলাসংক্রান্ত আলোচনায় বসার পরামর্শ দেন তিনি। আরও বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত অ্যানিলি লিন্ডাল কেনি, এশিয়া ফাউন্ডেশনের কর্মসূচি পরিচালক সৈয়দ এ আল-মুতি, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান প্রমুখ।