তেজগাঁও ও মোহাম্মদপুরে বস্তিতে আগুন
রাজধানীর তেজগাঁও ও মোহাম্মদপুর এলাকার দুটি বস্তিতে অগ্নিকাণ্ডে শতাধিক ঘর পুড়ে গেছে। দুটি ঘটনাতেই নিম্ন আয়ের মানুষের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো মানুষ হতাহত হয়নি।
গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া একটার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ-সংলগ্ন বস্তিতে আগুন লাগে। এ ঘটনায় বস্তির ৩০টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের পরিদর্শক মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বস্তির কোনো ঘরের কুপি বা মোমবাতি থেকে আগুনের সূত্রপাত। পরে তা আশপাশে ছড়িয়ে পড়ে।
এদিকে গতকাল বুধবার বিকেলে তেজগাঁও এলাকার বিজি প্রেসের পেছনে রেললাইন-সংলগ্ন বস্তিতে প্রায় ৭০টি ঘর পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
ফায়ার সার্ভিসের পরিদর্শক মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে তেজগাঁওয়ের ওই বস্তিতে আগুন লাগে। ঘটনাস্থলে তাদের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়।
বস্তির বাসিন্দা রুহুল আমিন, আনোয়ার হোসেন, জহিরুল ইসলাম ও আবদুস সোবহান মিয়া নামের চার ব্যক্তি ওই বস্তির মালিক। আনোয়ার হোসেনের ছোট ভাই আমির হোসেন বলেন, জহিরুলের বাড়ির কাঠের চুলা থেকে আগুন লাগে। এরপর আগুন বিদ্যুতের তারে লেগে দ্রুত ছড়িয়ে পড়ে।